দীর্ঘদিন পর পত্রিকায় লিখলেন ফিদেল
দীর্ঘকাল পর পত্রিকায় লিখেছেন ফিদেল কাস্ত্রো। ২০০৬ সালের জুলাইয়ে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দলের মুখপত্র গ্রানমায় সম্পাদকীয় ছাপা হয় কিউবার এ কমিউনিস্ট নেতার।
বৃহস্পতিবার ভোরে সম্পাদকীয়টি বিভিন্ন পত্রিকায় ই-মেইল করে পাঠানো হয় এবং পরবর্তীতে তা গ্রানমার ওয়েব পেজেও স্থান পায়। পত্রিকাটি কাস্ত্রোর স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য না দিলেও তিনি যে বিশ্বের ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সে রকম ইঙ্গিতই দিয়েছে।
কাস্ত্রো লিখেছেন, বিশ্বের ৩০০ কোটি মানুষ ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যুবরণ করবে, আর যুক্তরাষ্ট্র তা অগ্রাহ্য করে খাদ্য শস্যকে জৈব জ্বালানিতে রূপান্তরের পরিকল্পনা করছে। বুশ উত্তর আমেরিকার গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করার পর থেকেই আমি গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবছি।”
সম্পাদকীয়র নিচে ‘কমান্ডার ইন চিফের অভিমত’ সংযুক্তিতে অনুমিত হচ্ছে এখন থেকে নিয়মিতই বৈশ্বিক বিষয়ে মন্তব্য জানাবেন কাস্ত্রো।
কিউবার সরকারি কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, শিগগিরই সরকার পরিচালনায় ফিরছেন ফিদেল কাস্ত্রো। তবে এখন পর্যন্ত জনসমক্ষে তাকে দেখা যায়নি। যদিও বেতারে তার কণ্ঠ ও টেলিভিশনে ভিডিওফুটেজ প্রচারিত হয়েছে।
