এক নারী ব্রিটিশ নৌসেনাকে মুক্তি দেবে ইরান: আইএসএনএ
আটক ১৫ ব্রিটিশ নৌসেনার মধ্যে এক নারী সেনাকে মুক্তি দেবে ইরান। আইএসএনএ বার্তাসংস্থা বুধবার একথা জানিয়েছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসাইনিকে উদ্ধৃত করে আইএসএনএ জানায়, তিনি এ খবর নিশ্চিত করেছেন। ওই নৌসেনাকে বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে বলে হোসাইনি জানিয়েছেন।
তিনি বলেন, “ব্রিটিশ নৌসেনাদের নিয়ে সৃষ্ট সঙ্কট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে। তবে এজন্য কতো সময় লাগতে পারে আমরা তা নির্ধারণ করে দিতে পারছি না।”
তবে তেহরানে ব্রিটিশ দূতাবাসের এক কূটনীতিবিদ জানান, এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তিনি বলেন, “আমরা প্রচারমাধ্যম থেকে এ সংক্রান্ত খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনও কিছু জানানো হয়নি।”
তিনি জানান, ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানি পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন। গত কয়েকদিনে এটা উভয় পক্ষের মধ্যে তৃতীয় দফা বৈঠক।
