২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব সম্মেলনের মূল আলোচনা হবে সৌদি প্রস্তাব নিয়ে

সৌদি আরব প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা পুনর্বিবেচনার লক্ষ্য নিয়ে বুধবার রিয়াদে শুরু হচ্ছে আরব লীগ সম্মেলন। ইসরায়েলের সঙ্গে বিরোধ অবসান এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিকল্পনা ২০০২ সালে উপস্থাপন করেন তৎকালীন সৌদি বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ। আরব রাষ্ট্রনেতাদের অনেকেই মনে করেন, ইসরাইলের সঙ্গে বিরোধই এ অঞ্চলের সব সমস্যার মূল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 11:53 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আরব দেশগুলোর রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী চলবে আরব লীগ সম্মেলন। এবারের সম্মেলনের মূল আলোচ্য সৌদি আরবের প্রস্তাব। তাতে ১৯৬৭ সালে যুদ্ধে অধিকৃত আরব ভূমি ছেড়ে দেওয়ার জন্য ইসরায়েলকে ছেড়ে দেওয়ার আহ্বান জানানোর কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান জানানোর বিনিময়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে আরব দেশগুলো।

সম্মেলনে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কর্মপন্থা নির্দিষ্ট করা হবে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়েই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হবে।

এমন এক সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েনে ইরানেও ইরাকের মতো অভিযানের কথা আলোচিত হচ্ছে বিভিন্ন মহলে। যা এ অঞ্চলের স্থিতাবস্থা আরও ঝুঁকিপূর্ণ করবে করবে এমন আশঙ্কায় উৎকণ্ঠিত আরব নেতৃবৃন্দ।

এর মধ্যে ফিলিস্তিনে আবার গৃহযুদ্ধের উপক্রম হয়েছিল। ইরাকের কথা তো বলাই বাহুল্য। সেখানে শিয়া সুন্নিদের জাতিগত সংঘাত প্রকাশ পাচ্ছে। অন্যদিকে লেবাননে চলছে পশ্চিমা সমর্থিত সরকার এবং ইরান ও সিরিয়ার সমর্থিত বিরোধী দলের কোন্দল।

আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত দেশগুলোর প্রধানতম সৌদি আরব। এ দেশগুলোর অভিযোগ, এ অঞ্চলে অস্থিরতার পেছনে ইন্ধন যোগাচ্ছে ইরান। তারা মনে করেন, এ অঞ্চলে উগ্রপন্থা বিকশিত হয়েছে ইসরাইল- ফিলিস্তিন বিরোধের কারণেই।

সৌদি বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন। তবে এর ফলাফল জানা যায়নি। ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং লেবননে হিজবুল্লাহকে সহায়তা দেওয়ার জন্য সিরিয়ার সাথে সৌদি আরবের সম্পর্ক এ মুহূর্তে বেশ শীতল।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রস্তাবনা অনুযায়ী সুয়োগ গ্রহণের জন্য আগাম আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতি। তিনি বলেন, “মুসলমানদের সঙ্গে শান্তি স্থাপনের এটাই সর্বশেষ সুযোগ।” ভবিষ্যতে ইসরায়েলের জন্য এমন সুযোগ আসবে না বলে মনে করেন তিনি।

ইসরায়েল অবশ্য প্রস্তাবের মূল বিষয়গুলোতে আপত্তি জানিয়েছে। যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত, পূর্ব  জেরুজালেমকে ফিলিস্তিনের কাছে ছেড়ে দেওয়া এবং উদ্বাস্তু ফিলিস্তিনিদের তাদের বসত ভিটা ফিরিয়ে দিতে স্পষ্টতই অসম্মত তারা।

এদিকে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি সম্মেলন বয়কট করেছেন। এর কারণ হিসেবে তিনি আল জাজিরা টেলিভিশনকে বলেন, “এ সম্মেলনের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের সামনে নতজানু আরব দেশগুলো ফিলিস্তিনকে বিকিয়ে দেবে।”

ফিলিস্তিনের সরকারের কট্টরপন্থী গ্র“প হামাসও সম্মেলন নিয়ে কিছুটার সংশয়ী, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবে না।