২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইহুদি বসতি খালি করেছে ইসরায়েলি পুলিশ

পশ্চিম তীরে একটি ইহুদি বসতি বুধবার খালি করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড একথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 04:19 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

রোজেনফেল্ড বলেন, “হোমেশে ইহুদি বসতি সম্পূর্ণ খালি করা হয়েছে। প্রায় সাড়ে চারশয়ের মতো লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি কিংবা কেউ আহতও হননি।”

উচ্ছেদের বিরোধিতাকারী কয়েকশ ইহুদি সপ্তাহের শুরুতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ওই বসতিতে গিয়ে আশ্রয় নেয়। গত কয়েকদিন ধরে তারা সেখানে বিক্ষোভ করে।

২০০৫ সালে পশ্চিম তীরের হোমেশসহ তিনটি বসতি থেকে সেনাবাহিনী ও নাগরিকদের প্রত্যাহার করে নেয় ইসরায়েল। কিন্তু ডানপন্থীরা এর বিরোধিতা করে আসছিল।

এরপর থেকে ইসরায়েলিদের সেখানে ঢুকতে নিরুৎসাহিত করা হচ্ছিল। কিন্তু সপ্তাহের শুরুতে দলে দলে উচ্ছেদবিরোধী ইসরায়েলিরা সমবেত হতে শুরু করে হোমেশে। পরিস্থিতির অবনতি হতে পারে-  এ আশঙ্কায় তখন পুলিশ তাতে বাধা দেয়নি।

কিন্তু বুধবার ব্যাপক অভিযানে নামে এবং সব ইসরায়েলিদের সরিয়ে দেয়।

অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে প্রায় তিন লাখ ইসরায়েলির বাস। পক্ষান্তরে, সেখানে ফিলিস্তিনিদের সংখ্যা ২৫ লাখ। ১৯৬৭ সালের আরব -  ইসরায়েল যুদ্ধের পর নির্মিত এসব ইহুদি বসতি পরে আন্তর্জাতিক আদালত অবৈধ ঘোষণা করে।