২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মার্কিন সিনেটে অনুমোদন

বুশ প্রশাসনকে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন সিনেট। প্রেসিডেন্ট বুশের ভেটোর হুমকির মুখেও মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব সিনেট অনুমোদন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সিনেটে ৫০ - ৪৮ ভোটে ডেমোক্রেটদের আনা ওই বিলটি অনুমোদিত হয়। দুজন রিপাবলিকান সদস্যও সেনা প্রত্যাহারের পক্ষে ভোট দেন। এ সপ্তাহে বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। একই প্রস্তাবে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের ব্যয়ে হিসেবে ১২ হাজার ১৬০ কোটি ডলার অনুমোদন করা হয়। 

ভোটাভুটির পর হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, “ইরাক থেকে সেনা প্রত্যাহারে সিনেটের এ ধারাবাহিক প্রচেষ্টায় প্রেসিডেন্ট বুশ এখন অনেকটাই ক্লান্ত। এটাতো খুব স্পষ্ট যে প্রেসিডেন্ট এতে ভেটো দেবেন। ফলে বিলটি আইনে পরিণত হওয়ার কোনোই সম্ভাবনা নেই।”

তার এ মন্তব্যের পরও নিরাশ নন ডেমোক্রেট নেতারা। সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রিড বলেন, “মার্কিন সেনাদের রক্ত ঝরানো ছাড়া এ যুদ্ধ আর কিছুই দিতে পারছে না। সেনা প্রত্যাহার এখন গোটা জাতির প্রত্যাশা। আশা করছি, প্রেসিডেন্টও তা উপলব্ধি করতে পারবেন এবং ভেটো দেওয়া থেকে বিরত থাকবেন।”

এর আগে সিনেটে একই ধরনের আরেকটি প্রস্তাব আনা হলেও ভোটাভুটিতে তা নাকচ হয়ে যায়। তবে সোমবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদেও ২০০৮ সালের মধ্যে সেনা প্রত্যাহারের একটি প্রস্তাব অনুমোদিত হয়।

এদিকে প্রেসিডেন্টের ভেটো নাকচ করতে যে সংখ্যক সমর্থন পাওয়া প্রয়োজন, আগামী ভোটাভুটিতেও তা ডেমোক্রেটরা নিশ্চিত করতে পারছেন না বলেই মনে করা হচ্ছে।