ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত
ইরানকে আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র সংযুক্ত আরব আমিরাত।
প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মঙ্গলবার আরব দৈনিক আল--হায়াতকে বলেন, “সংযুক্ত আরব আমিরাত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং কোনো প্রতিবেশী মুসলীম রাষ্ট্রে হামলা চালানোর জন্য দেশটির স্থল, জল ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।”
প্রেসিডেন্ট আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং কোনো সামরিক, গোয়েন্দা বা নিরাপত্তা সংশ্লিষ্ট তৎপরতায় আমরা আমাদের ভূখণ্ড ইরানীদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না বলে ইরানিদের জানিয়েছি।”
ইরানের ওপর নজরদারির জন্য জানুয়ারিতে যুক্তরাষ্ট্র দুবাইয়ে কার্যালয় বসিয়েছে এমন খবর অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাত। কাতারে যুক্তরাষ্ট্রের একটি বড় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং বাহরাইনে পঞ্চম নৌবহর অবস্থান করছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে অস্বীকার করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর অবরোধ জোরদার করেছে।
ইরান তার পরমাণু কার্যক্রমকে শান্তিপূর্ণ হিসেবে দাবি করেছে। তবে উপসাগরীয় আরব দেশগুলো ওই অঞ্চলে একটি সামরিক হামলার আশংকা করছে।
শেখ খলিফা ইরানের প্রতি পশ্চিমা বিশ্বের সঙ্গে নমনীয় আচরণ করার এবং উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির প্রতিও সামরিক হামলার বদলে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, “আন্তর্জাতিক মহলের চাহিদার প্রতি সম্মান ও নমনীয়তা প্রদর্শন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে জাতিসংঘের ১৭৩৭ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে ইরানের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি।”
উপসাগরের তিনটি দ্বীপ নিয়ে তিন দশক ধরে দ্বন্দ্ব থাকলেও সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে পূর্ণ কূটনৈতিক যোগাযোগ ও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালুর ব্যাপারে গত ডিসেম্বরে একমত হয়। উপসাগরীয় আরব দেশগুলো দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য হলো তেল ও গ্যাস শেষ হয়ে গেলে বিকল্প উপায় তৈরি। কিন্তু বিশেষজ্ঞরা ইরানের সঙ্গে আরব দেশগুলোর আণবিক অস্ত্র প্রতিযোগিতার বিষয়ে শংকিত।
