২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু সঙ্কট নিয়ে লারিজানি - সোলানা টেলিসংলাপ

পরমাণু সঙ্কট নিয়ে ইরানের মুখ্য আলোচক আলী লারিজানির সঙ্গে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা। ইইউর কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সোলানার মুখপাত্র ক্রিস্টিনা গ্যালাচ বলেন, “সোমবার দুজনে টেলিফোনে কথা বলেন। দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের পরও ইরানকে আলোচনায় ফিরিয়ে আনাই ছিল এর লক্ষ্য। ওই সময় সোলানা নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান লারিজানির কাছে ব্যাখ্যা করেন এবং সঙ্কট অবসানে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানান।”

তাদের আলোচনায় পরমাণু সঙ্কটের অবসানে ইরানকে সম্ভাব্য অর্থনৈতিক, প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সম্ভাব্যতার বিষয়টিও স্থান পায় বলে জানান ক্রিস্টিনা।

তিনি আরও বলেন, “টেলিফোনে কথা বলার সময় জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের কথা আবারও জানিয়েছেন আলী লারিজানি।”

তবে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুজনের মধ্যে মতৈক্য হয় বলে ক্রিস্টিনা জানান।