২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাথ পার্টি সদস্যদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইরাক

সরকারি চাকরি ও নিরাপত্তা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বাথ পার্টির সাবেক সদস্যদের ওপর থেকে নিষেধাজ্ঞা দূর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। খুব শিগগিরই সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 03:15 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ও প্রেসিডেন্ট জালাল তালাবানি ওই সংশোধনী প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছেন বলে জানিয়েছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এ প্রস্তাবে বাথ পার্টির সদস্যদের জনজীবনে অংশগ্রহণের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক দলটির উচ্চপদস্থ নেতাদের ওপর ওই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, “ইরাকের সংহতি পরিকল্পনার অংশ হিসেবেই এটা করা হচ্ছে। এটা জনগণকে ঐক্যবদ্ধ করবে। ইতিহাসের একটি অধ্যায় শেষ হবে এর মাধ্যমে।”

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর মার্কিন সমর্থিত ইরাক সরকার সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন বাথ পার্টির সদস্যদের নিরাপত্তা বাহিনীসহ সব ধরনের সরকারি চাকরি থেকে অপসারণ করে।

পরে বাথ কর্মীদের সরকারি চাকরি ও জনজীবনে অংশগ্রহণ নিষিদ্ধ করে আইন পাশ করা হয় পার্লামেন্টে। কিন্তু সমালোচকরা মনে করেন, এ প্রক্রিয়ার ফলে গুরুত্বপূর্ণ কূটনীতিবিদ, আমলাসহ অনেক প্রয়োজনীয় জনবল হারিয়েছে দেশটি। বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন এমন অনেকেও ক্ষতিগ্রস্ত হন এ আইনের কারণে।

একটি ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে ১৯৪০ সালে বাথ পার্টি প্রতিষ্ঠা করেন সিরিয়ার বুদ্ধিজীবীরা। ১৯৬৮ সালে বাথ পার্টির ইরাক শাখা প্রতিষ্ঠিত হয়। বিপ্লবী নেতা হিসেবে সাদ্দাম হোসেন দলের নেতৃত্বে আসেন। সাদ্দাম ও তার সুন্নি সহযোগীরা দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ এবং কুর্দি সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।