২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা এগিয়ে নিতে রাজি আব্বাস, ওলমার্ট: রাইস

শান্তি আলোচনা এগিয়ে নিতে নিয়মিত বৈঠক চালিয়ে যেতে সম্মত হয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনি নেতারা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 02:10 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দুই দিনের আলোচনা শেষে মঙ্গলবার জেরুজালেমে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রতি দুই সপ্তাহে অন্তত একবার বৈঠকে বসতে রাজি হয়েছেন এহুদ ওলমার্ট ও মাহমুদ আব্বাস।”

তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে দীর্ঘকাল ধরে এখানে যে সংঘাত, সহিংসতা, রক্তক্ষয় চলছে, তার অবসান এক দিনেই হবে না। এ জন্য সময় দরকার।”

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ‘রোডম্যাপ’ অনুসরণের ওপরও গুরুত্ব দেন কন্ডোলিৎসা রাইস। তিনি জানান, ওলমার্ট ও আব্বাসের আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মাহমুদ আব্বাস ও এহুদ ওলমার্টের সঙ্গে মাঝে মাঝেই বৈঠক করবেন তিনি। এটা আলাদা আলাদাও হতে পারে, আবার দুজনকে নিয়ে এক সঙ্গেও হতে পারে।

নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে কন্ডোলিৎসা রাইস বলেন, “পারস্পরিক আস্থা অর্জন এক্ষেত্রে জরুরি। আর আলোচনা পুনরায় শুরুর প্রাথমিক উদ্দেশ্য এটাই।”

ইসরায়েল . ফিলিস্তিন সঙ্কট অবসানে আরব বিশ্বকেও এগিয়ে আসার আহ্বান জানান রাইস।