২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস পাইপলাইন নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ভারত

ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস কেনার আলোচনা চালিয়ে যাবে ভারত। যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সাত শত কোটি ডলার ব্যায়ে এ পাইপলাইনের মাধ্যমে গ্যাস কেনার আলোচনা চলবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 12:42 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ভারত ও পাকিস্তান দুটি দেশই ইরান থেকে প্রাকৃতিক গ্যাস কিনতে আগ্রহী। ইরান থেকে পাকিস্তানের মধ্য দিয়ে এ গ্যাস পাইপলাইন নির্মাণে ত্রিদেশীয় আলোচনা চলছে বহুদিন ধরেই। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেছে, এ গ্যাস চুক্তি হলে তা ইরানের পরমাণু কর্মসূচির উন্নয়নে সহায়ক হবে।

সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণব মুখার্জি বলেন, “আলোচনা চলছে। ইরান সফরের সময় আমি গ্যাস কেনার বিষয়ে আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। এখন দাম নিয়ে কথা হচ্ছে।”

এদিকে ভারতের তেলমন্ত্রী মুরলি দেওরা বলেছেন, এ পরিকল্পনা বাতিল করতে নয়াদিল্লী চাপের মুখে পড়বে না। আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এ কথা জানিয়ে তিনি মন্তব্য করেন, “বিষয়টিকে কেউ কেউ ‘রাজনীতিকরণের’ চেষ্টা করছেন।”

গত সপ্তাহে দুদিনে ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী স্যাম বোডমান ইরান থেকে গ্যাস কেনার ভারতীয় সিদ্ধান্তে তার দেশের অসন্তোষের কথা প্রকাশ করেন।