২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপানি সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করেনি’

জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ট এক সহযোগী দ্বিতীয় বিশ্বযুদ্ধে নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করাতে জাপানি সেনাদের বাধ্য করার কথা অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা কিয়োডো রোববার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 10:08 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

একটি বেতার অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের উপসচিব হাকুবুন শিমোমুরা বলেন, “যুদ্ধের সময় নার্স এবং সেনাদলের সঙ্গে সাংবাদিক থাকলেও কোনো যৌনকর্মী ছিল না।”

তিনি আরও বলেন, “এটা সত্যি সে সময় যৌনকর্মী ছিল। আমার বিশ্বাস অনেক বাবা - মা তাদের মেয়েকে বিক্রি করে দিয়েছিলেন। তার মানে এই নয় যে এর সঙ্গে জাপানি সেনাবাহিনীর সংশ্লিষ্টতা ছিল।”

এর আগে আবে ওই অভিযোগের কথা দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সরকার বা সেনাবাহিনীর দ্বারা অপহৃত নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করার কোনো প্রমাণ নেই। এরপরও তিনি পতিতালয়ে কর্মকর্তাদের সংশ্লিষ্ট থাকার ঘটনায় ১৯৯৩ সালে সরকারের ক্ষমা চাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছিলেন।

যৌনকর্মী হিসেবে নারীদের কাজ করতে বাধ্য করা নিয়ে আবের বক্তব্যে প্রতিবেশী সউল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।  তার এ বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে জাপানের সম্পর্কেও প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মার্কিন কংগ্রেস সদস্য মাইকেল হোন্ডা যুদ্ধ চলাকালে নারীদের যৌনকর্মী হিসেবে ব্যবহারের জন্য জাপানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে আবের বৈঠকের কারণে আগামী মে মাস পর্যন্ত কংগ্রেস হোন্ডার প্রস্তাবে কোনো ভোটের আয়োজন করবে না।

এদিকে চীন জাপানের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের উন্নয়নের ধারা বজায় রাখতে চায় বলে দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আগাসী মাসে জাপান সফরের কথা মাথায় রেখে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জাপানকে অতীত স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছে।