জাতিসংঘ সফর বাতিল করেছেন আহমাদিনেজাদ
জাতিসংঘ সফর বাতিল করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরান বলছে, ভিসা দিতে যুক্তরাষ্ট্রের গড়িমসির কারণেই সফর বাতিল করতে তারা বাধ্য হয়েছেন। তবে সে অভিযোগ নাকচ করেছে ওয়াশিংটন। পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য ইরানি প্রেসিডেন্ট ওই সফরের পরিকল্পনা করেছিলেন। ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে শনিবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কথা রয়েছে।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জাভেদ জারিফ শুক্রবার রয়টার্সকে বলেন, “যুক্তরাষ্ট্র এমন সময় ভিসা দিয়েছে, যখন সফর বাতিল করা ছাড়া আর কোনো উপায় খোলা ছিল না। তাছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রেসিডেন্টের সফরসঙ্গী বিমান সেনাদের ভিসাও দেয়নি যুক্তরাষ্ট্র।”
তবে তিনি জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনশেহর মোত্তাকি জাতিসংঘ সফরে যাচ্ছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, আহমাদিনেজাদের সফর ভণ্ডুলের জন্য যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবেই ভিসা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আলী হোসাইনির উদ্ধৃতি দিয়ে ইরান টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই প্রেসিডেন্টের সফরসঙ্গীদের ভিসা দেয়নি। তারা এটাই চেয়েছিল, যেন ইরানি প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে না পারেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সবার ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সময় মতো তারা পাননি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে ইরানি নেতাদের জন্য ৩৮টি ভিসা দেওয়া হয় বলে জানিয়েছে তারা।
সুইজারল্যান্ডের মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানি নেতাদের জন্য শুক্রবার যে ৩৮টি ভিসা ইস্যু করেছেন তার মধ্যে আহমাদিনেজাদেরটিও রয়েছে। আর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাকি ৪০টি ভিসা তারা দিতে পারেননি।
ওয়াশিংটন অভিযোগ করেছে, সফর বাতিলে ভিসা জটিলতার বিষয়টি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টম ক্যাসি বলেন, “এর মধ্য দিয়ে এটাই আবার প্রমাণিত হল, ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লুকোতে চায়। ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিক থেকে তৎপরতার কোনো ঘাটতি ছিল না।”
ইরানের প্রেসিডেন্টের সফর বাতিলের সিদ্ধান্ত পূর্বপরিকল্পিত বলেই মনে করছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত আলেসান্দ্রো উলফ। তিনি দাবি করেন, সময়মতোই ভিসা দেওয়া হয়।
