শ্রীলংকায় সেনা অভিযানে ২০ বিদ্রোহী নিহত
শ্রীলংকার তামিল অধ্যুষিত শহর মান্নারে সেনা অভিযানে শুক্রবার অন্তত ২০ তামিল বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষে তিন সেনাসদস্যও নিহত হন।
উত্তর - পশ্চিম শ্রীলংকার মান্নার শহরে বড় ধরনের অভিযান চালায় সেনাবাহিনী। তামিল টাইগারদের নিরস্ত্রীকরণে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র প্রসাদ সামারাসিংহে।
তামিল টাইগাররাই আগে হামলা চালায় বলে দাবি করেছেন ব্রিগেডিয়ার সামারাসিংহে। তিনি বলেন, “বিদ্রোহীরা এলাকাবাসীর নিরাপত্তার কথা না ভেবেই আমাদের ওপর মর্টার হামলা শুরু করে। এতে তিন সেনা নিহত এবং চারজন আহত হয়। এরপর সেনাবাহিনী অভিযান চালায়।”
তবে তামিল টাইগারদের দাবি, সেনাবাহিনীই আগে অভিযান চালিয়েছে। এলটিটিইর সামরিক মুখপাত্র রাসিয়াহ ইলানথিরেইয়ান কিলিনোচ্চি থেকে রয়টার্সকে টেলিফোনে বলেন, “শুক্রবার সকালে সেনাবাহিনীর একটি দল হঠাৎ করেই আমাদের শহরে ঢুকে পড়ে। তারা গ্রামের ১২০টি পরিবারকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আমাদের দিকে গুলি ছুড়তে থাকে।”
তবে হতাহতের সংখ্যা সম্পর্কে টাইগাররা কিছু জানায়নি।
ব্রিগেডিয়ার সামারাসিংহে আরও জানান, বৃহস্পতিবার উত্তর শ্রীলংকার বাবুনিয়া ও জাফনায় সেনাবাহিনী ১৩ তামিল গেরিলাকে হত্যা করেছে। তবে সে দাবি নাকচ করেছে এলটিটিই বলছে, নিহতরা সাধারণ নাগরিক হতে পারে।
