২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারস্য উপসাগরে ‘অনাকাক্সিক্ষত ঘটনার’ কথা জানিয়েছে ব্রিটিশ বাহিনী

পারস্য উপসাগরে কয়েকজন মার্কিন কিংবা ব্রিটিশ সেনাকে ইরানি নৌবাহিনী আটক করেছে- এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে ইরাকের ব্রিটিশ সেনা মুখপাত্র বলেছেন, পারস্য উপসাগরে কোনো একটি ‘ঘটনা’ ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এ প্রসঙ্গে বসরায় ব্রিটিশ সেনা মুখপাত্র মেজর ডেভিড গেল বলেন, “পারস্য উপসাগরের উত্তর দিকে কোনো একটি ঘটনা ঘটেছে।”

এ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তিনি জানান, কোনো আমেরিকান কিংবা ব্রিটিশ সেনা ওই ঘটনায় সম্পৃক্ত ছিল কিনা সে বিষয়ে তার কিছু জানা নেই।

এর আগে অজ্ঞাত পরিচয় এক ইরাকি নাবিক দাবি করেন, পারস্য উপসাগরের শাতিল আরব জলধারার কাছাকাছি একটি স্থানে দুটি ছোট নৌকায় করে টহল দিচ্ছিলেন কয়েকজন মার্কিন কিংবা ব্রিটিশ সেনা। দুটি ইরানি নৌযানকে থামিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করছিলেন তারা। এ সময়ে ইরানি নৌবাহিনীর একটি টহলযান সেখানে আসে এবং ওই সেনাদের আটক করে নিয়ে যায়।

একটি বাণিজ্যিক জাহাজে কর্মরত ওই ইরাকি নাবিক নিজেকে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করেন।

শাতিল আরব জলধারার মুখে আল - ফৌ উপদ্বীপের কাছে ওই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। ওই জলধারাটি ইরাক ইরানের সমুদ্রসীমা চিহ্নিত করেছে। সমুদ্রসীমা নিয়ে ইরাক - ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।