কাশ্মিরে সেনা উপস্থিতি কমাবে ভারত
কাশ্মিরে সেনা উপস্থিতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার। নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। সেখানে সন্ত্রাসী হামলা কমে যাওয়ায় এবং সেখানে বসবাসরত জনগোষ্ঠির প্রতি সৌহার্দের নিদর্শন স্বরূপ সরকার এ পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কাশ্মির থেকে ভারতীয় সেনা অপসারণ নিয়ে কাশ্মিরি দলগুলোর জোটের চাপের মুখে আছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তারা হুমকি দিয়েছে সেখানে উপস্থিত পাঁচ লাখ সেনা অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হলে তারা প্রাদেশিক সরকারের পতন ঘটাবে।
কাশ্মিরে জোট সরকারের শরিক পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা মুফতি মোহাম্মদ সাঈদ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিঙের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন। তারা এ লক্ষ্য পূরণে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান।
সাঈদ বলেন, যেহেতু ২০০৪ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর সেখানে সন্ত্রাসের পরিমাণ কমেছে তাই কিছু সেনাকে অপসারণ করা যেতে পারে।
ওই বৈঠকে উপস্থিত উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, বেশ কিছু দাবি সম্বলিত একটি আলোচনা প্রস্তাব এসেছে এবং দুই পক্ষের মধ্যে সম্ভবত একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পারে।
“আমার মনে হয়, গ্রহণযোগ্য কোনো সমাধান বের হয়ে আসবে, ” রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে যেসব এলাকায় কোনো ধরনের সামরিক সংঘাত হয়নি, সেসব এলাকা থেকে সেনা সরিয়ে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়নের প্রস্তাব রাখতে পারেন প্রধানমন্ত্রী।
এ আলোচনায় বিশেষ সেনাবাহিনী আইন পুনর্বিবেচনার প্রস্তাবও আছে বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা। এই আইনের বলে সেনাবাহিনী সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারী পরোয়ানা ছাড়া আটক করার অধিকার রাখে এবং এজন্য তাদের কোনো বিচারের সম্মুখীন হতে হয় না।
প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান এবং অনান্য সরকারি স্থাপনাগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে পারেন।
এদিকে এ প্রসঙ্গে সাঈদের ঘনিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আগামী দুই - একদিনের মধ্যেই কোনো কিছু ঘটার আশা করছি।”
কাশ্মিরে প্রায় পাঁচ লাখ ভারতীয় সেনা অবস্থান করছে। সেখানে সংঘাতে ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে।
অনেকদিন ধরেই হিমালয় এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন কাশ্মিরের রাজনৈতিক নেতারা।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফও কয়েক দশক ধরে চলতে থাকা এই বিরোধ নিরসনে চূড়ান্ত সমাধান হিসেবে কাশ্মির থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব পেশ করেছিলেন।
তবে ভারতীয় সেনাবাহিনী দ্রুত সেনা অপসারণের বিপক্ষে। তাদের মতে শিগগিরই সেনা প্রত্যাহার করা হলে পাকিস্তানের সহায়তা পাওয়া জঙ্গিবাহিনীর দখলে চলে যাবে কাশ্মিরের নিয়ন্ত্রণ।
