২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্বকে বিভ্রান্ত করেছে: পিটার পেস

চীনের ‘স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ পিটার পেস। শুক্রবার এই সংবাদ সম্মেলনে তিনি চীনকে আরও খোলামেলা হওয়ার এবং আরও সহযোগিতা করার আহ্বান জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের পরীক্ষা পর্যবেক্ষণ করতে আগ্রহী। দেশ দুটির সামরিক কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ উপকারী হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি চীনা প্রতিপক্ষকে সেদেশের সামরিক উদ্দেশ্য সম্পর্কে বিশ্বকে অবহিত করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বলে সাংবাদিকদের পেস জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ‘স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল’ পরীক্ষার উদাহরণ দিয়েছি এজন্যই যে কীভাবে আকস্মিক একটা ঘটনায় কখনও কখনও বিশ্ব বিভ্রান্ত হয়। এছাড়া, এ পরীক্ষা চালানোয় তাদের সামরিক লক্ষ্যও পরিষ্কার ছিল না।”

“যখন কোনো বিষয়ে স্বচ্ছতা থাকে না এবং যদি সেটা আকস্মিক ঘটে, তখন তা মানুষকে বিভ্রান্ত করে, মানুষের সংশয় বাড়িয়ে দেয়।”

চীন এ পরীক্ষা এবং এ পরীক্ষা চালানোর উদ্দেশ্য সম্পর্কেও আগাম কিছু জানায়নি বলে পেস জানান।

এর আগে ১১ জানুয়ারি পুরনো একটি আবহাওয়া উপগ্রহ বন্ধ করে দেয় চীন। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে তারা এক সপ্তাহ সময় নেয়।

তবে ওই পরীক্ষার ফলে বিশ্বে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছে চীনা প্রশাসন। তারা জানিয়েছেন, মহাশূন্যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারের বিপক্ষে চীন।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, মহাশূন্য নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য বৃদ্ধির যে পরিকল্পনা বুশ প্রশাসন করেছে সেটা তার নিজস্ব নিরাপত্তাকে বিঘিœত করবে বলে চীনের আশঙ্কা।

বিশেষজ্ঞদের অভিমত, যেকোনো উপগ্রহকে অকার্যকর করে দেওয়ার সামর্থ্য চীন ব্যবহার করবে গোয়েন্দা উপগ্রহকে অকার্যকর করার জন্য। চীনের আশঙ্কা, যদি স্বায়ত্বশাসিত তাইওয়ান আর চীনের মূল ভূখণ্ডের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এসব গোয়েন্দা উপগ্রহ সহায়তা দিতে পারে।