ইরাক থেকে সেনা প্রত্যাহারে চাপ বাড়াচ্ছে ডেমোক্রেটরা
ইরাক থেকে সেনা প্রত্যাহারে সুর্নিদিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসনের ওপর চাপ ক্রমশই বাড়াচ্ছে ডেমোক্রেটরা। বৃহস্পতিবার ডেমোক্রেটদের আনা এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে তুমুল বিতর্ক হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে। শুক্রবার এ নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।
ইরাক আগ্রাসনের চার বছর পূর্তি এবং সেখানে মার্কিন সেনাদের প্রাণহানি নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসে দুই দলের মধ্যে বাক - বিতণ্ডা তিক্ততার পর্যায়ে পৌঁছে। হোয়াইট হাউজের ভেটো দেওয়ার হুমকির মধ্যেও প্রস্তাবটি নিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর ডেমোক্রেটরা। ডেমোক্রেটদের প্রস্তাবে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের কথা বলা হয়।
এদিকে ইরাক থেকে এ বছরই সৈন্য প্রত্যাহার শুরু করে আগামী বছরের ৩১ শে মার্চের মধ্যে তা শেষ করার একটি প্রস্তাব উত্থাপন অনুমোদন করেছে কংগ্রেসের ‘সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি। সিনেটে শনিবার ওই প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।
এ প্রসঙ্গে কমিটির ডেমোক্রেট চেয়ারম্যান ডেভিড ওবে বলেন, “আমাদের মধ্যে যারা শুরু থেকেই ইরাক যুদ্ধের বিরোধিতা করে আসছে, আমি তাদেরই দলে। আর আমাদের সিদ্ধান্ত ভুল এ কথা যারা বলছেন তাদের বিষয়ে কথা বলতে বলতে আমি এখন ক্লান্ত।”
কমিটিতে রিপাবলিকান সদস্য জেরি লুইস প্রত্যুত্তরে জানান, “দ্বিমুখী মনোভাব নিয়ে কোনো সমাধান আশা করা যায় না। ডেমোক্রেটরা ওপরে ওপরে ইরাকে মার্কিন সেনা উপস্থিতি সমর্থন করছে আবার ভেতরে ভেতরে তাদের নিয়ে সংশয়ে দুলছে।”
তবে সেনা প্রত্যাহারের চাপ ডেমোক্রেটরা বাড়ালেও হোয়াইট হাউজ ইতোমধ্যেই হুমকি দিয়েছে, এ ধরনের চেষ্টা প্রতিহত করতে প্রেসিডে্েটর ভেটো ক্ষমতা প্রয়োগ করা হবে।
