ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট শনিবার
ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার প্রস্তাব শনিবার তোলা হতে পারে নিরাপত্তা পরিষদে। বৃহস্পতিবার এমন আভাসই দিয়েছেন কূটনীতিবিদরা।
পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া না দেওয়ায় বিশ্ব শক্তিগুলো ইরানের ওপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করে। এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটির ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
নিষেধাজ্ঞার খসড়া নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোসহ জার্মানির মতবিরোধ মোটামুটি কেটে গেছে। খসড়ায় সামান্য সংশোধনও হয়েছে। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ভোটে তুলতে এখন আর কারো আপত্তি নেই।
এ প্রসঙ্গে জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এমির জোনস পেরি সাংবাদিকদের বলেন, “আমরা শনিবার প্রস্তাবটির ওপর ভোটে অংশ নিতে চাই। সবকিছু চূড়ান্ত করতে শুক্রবারও একবার বৈঠকে বসবে আমরা।”
এদিকে সংশোধিত খসড়া নিয়েও সন্তষ্ট নয় নয় দক্ষিণ আফ্রিকা। প্রথমেই প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিল তারা।
জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দুমিসানি কুমালো বলেন, “বলা হয়েছিল, প্রস্তাবে সংস্কারের যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু যে টুকু পরিবর্তন হয়েছে, তা লোকদেখানো। আসলে আমাদের বোকা বানানো হয়েছে।”
দক্ষিণ আফ্রিকা মনে করে, এ খসড়া প্রস্তাব অনুযায়ী ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানের পারমাণবিক বলয়ের বাইরের অন্য দেশের ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলবে। সে কারণেই ইরানি কর্মকর্তা এবং সুনির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর ঢালাওভাবে নিষেধাজ্ঞা আরোপ না করে আংশিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিল দেশটি।
জোনস প্যারির ধারণা, এ ধরনের প্রস্তাব মেনে নেওয়ার অর্থ ইরান ইস্যুতে নিজেদের লক্ষ্য থেকে সরে আসা।
এ বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত আলেজান্দ্রো উলফ বলেন, “প্রস্তাবটি সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলোই কেবল সংশোধন এবং পরিমার্জন করা যেতে পারে।”
