২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র

বাগদাদ সম্মেলনের ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমন ইঙ্গিতই দিচ্ছে ওয়াশিংটন। ইরাকি সরকারের আমন্ত্রণে শনিবার বাগদাদে বৈঠকে বসতে যাচ্ছে ইরান, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ওই বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রও।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক বুধবার সাংবাদিকদের বলেন, “আমরা এখন সামনের বৈঠকের দিকে তাকিয়ে আছি।”

ওই সময় ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে এ মুহূর্তে আমার কিছু জানা নেই।” তবে বিষয়টি উড়িয়েও তিনি দেননি।

ম্যাককরম্যাক বলেন, “দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। এর জন্য যদি ইরানের সঙ্গে আলোচনায় বসতে হয়, তাও হতে পারে। আমরা কোনো সুযোগই হারাতে চাই না।”

তবে তিনি বলেন, “ইরানের সঙ্গে আলোচনা হলেও তা ইরাক পরিস্থিতি নিয়েই সীমাবদ্ধ থাকবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই।”

ওয়াশিংটন বলে আসছে, একমাত্র পরমাণু কর্মসূচি বন্ধ করলেই ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, নতুবা নয়।

বাগদাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরাকের রাষ্ট্রদূত জালমে খলিলজাদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাক বিষয়ক উপদেষ্টা ডেভিড সাটারফিল্ডের অংশ নেওয়ার কথা রয়েছে।

ইরানের পক্ষে সম্মেলনে অংশ নেবেন সে দেশের পররাষ্ট্র উপমন্ত্রী।