ভারতে সাহায্য কমানোর প্রস্তাবে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিক্রিয়া
ভারতে অর্থ সহায়তা কমানোর প্রস্তাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। এ নিয়ে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান বুধবার চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের কাছে। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন তিনি।
২০০৭ সালে ভারতে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার পরিমাণ ছিল ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ২০০৮ সালের বাজেটে এ সহায়তা কমিয়ে ৮ কোটি ডলার করার প্রস্তাব করা হয়েছে।
এ প্রসঙ্গে কন্ডোলিৎসা রাইসকে দেওয়া চিঠিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম ল্যান্টস বলেন, “অর্থ সহায়তা কমানোর মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কে পুনরায় টানাপড়েন সৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের যে অঙ্গীকার রয়েছে, এটা তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।”
সাহায্য কমানোর মধ্য দিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের নেতাদের কাছে ভুল বার্তা পৌঁছবে বলেও আশঙ্কা প্রকাশ করেন টম ল্যান্টস। তিনি বলেন, “ভারতে দরিদ্র জনগোষ্ঠীর মজন্য বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, নারী অধিকার ও শিক্ষা বিস্তারে বেশ ভালো ভূমিকা পালন করছে ইউএসএআইডি। সাহায্য কমানো হলে সংস্থাটির তৎপরতা শূন্যের কোঠায় নেমে আসবে।”
ল্যান্টসের দেওয়া ওই চিঠিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ভারত ককাসের বেশ কয়েকজন সদস্যসহ অন্যান্য কংগ্রেস সদস্যেরও স্বাক্ষর ছিল।
ভারতসহ বিদেশে অর্থ সহায়তার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে আলোচনা হবে।
