ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে টানাপড়েন
ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা নিয়ে ছয় বিশ্ব শক্তির মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে। নিউ ইয়র্কে সোম ও মঙ্গলবার টানা দুদিন বৈঠকে মতভেদ না কাটায় বৃহস্পতিবার বৈঠকে বসছেন নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিভিন্ন সূত্র জানায়, নিষেধাজ্ঞার ধরন নিয়ে একমত হতে পারছে না দেশগুলো।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের বারংবার অস্বীকৃতিতে জাতিসংঘে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাব আনার পরিকল্পনা নিয়েছে বিশ্ব শক্তিগুলো। আর সে জন্যই নিউ ইয়র্কে প্রথম দফা বৈঠকে বসেন দেশগুলোর জাতিসংঘ রাষ্ট্রদূতরা। কিন্তু তাদের সে বৈঠকে নিষেধাজ্ঞা প্রস্তাবের খসড়া চূড়ান্ত না হওয়ার প্র্রেক্ষিতে নতুন করে কর্মকর্তারা বৈঠকের সিদ্ধান্ত নেন। এ জন্য বুধবার পরস্পরের মধ্যে আলোচনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বসার বিষয়টি চূড়ান্ত করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিবিদ জানান, নিষেধাজ্ঞা প্রস্তাবটি কতটা কঠোর হবে তা নিয়ে মতৈক্যে পৌঁছতে পারেননি ছয় দেশের প্রতিনিধিরা।
চীনের উপরাষ্ট্রদূত লিও ঝেনমিন বলেন, “কঠোর একটি নিষেধাজ্ঞা প্রস্তাব আনা হচ্ছে।”
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত কর্মকর্তাদের ভ্রমণ ও পরমাণু বিষয়ক উপাদানের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা, গোষ্ঠী এবং কোম্পানির যে তালিকা আগে করা হয়েছিল, তা আরও বড় করা হতে পারে।
পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে নতুন করে আরও ৬০ দিন সময় বেঁধে দেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় ২০০৬ এর ২৩ ডিসেম্বর ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু তেহরান এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগছে।
