লেবানন যুদ্ধের পরিকল্পনা আগেই করেছিলেন ওলমার্ট
২০০৬ সালের লেবানন যুদ্ধ ছিল পূর্ব পরিকল্পিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ কথা স্বীকার করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে সে দেশের পত্রিকা দি হারেৎস। পত্রিকাটি জানায়, যুদ্ধ বাধার চার মাস আগেই ওই পরিকল্পনা করেন ওলমার্ট।
পত্রিকাটি খবরে বলা হয়, লেবানন যুদ্ধ নিয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাছে যুদ্ধ পরিকল্পনার কথা স্বীকার করেন ওলমার্ট। তদন্ত কমিশনটি উইনগার্ড কমিশন নামেই পরিচিত।
২০০৬ সালের মাঝামাঝিতে সংঘটিত ওই যুদ্ধের স্থায়িত্ব ছিল ৩৪ দিন। আর লক্ষ্য অর্জিত না হওয়ায় এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ইসরায়েল সরকারকে।
পত্রিকার খবরে বলা হয়, গত বছরের ১২ জুলাই হিজবুল্লাহ দুই ইসরায়েলি সেনাকে আটক করার পরই যুদ্ধ বেধে গেলেও আগেই সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন ওলমার্ট। আর সেটা বলেছিলেন মার্চ মাসে।
তবে গত ১ ফেব্র“য়ারি বিচার বিভাগীয় কমিশনে দেওয়া ওলমার্টের সাক্ষ্য কিভাবে হারেৎস পেল তার ব্যাখ্যা দেয়নি পত্রিকাটি।
চলতি মাসেই তদন্তের অন্তর্বর্তীকালীন একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
