২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফরকালে বুশের ওপর হামলার আশঙ্কা করছে কলম্বিয়া

কলম্বিয়া সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের ওপর হামলা চালাতে পারে বামপন্থী গেরিলারা। এমন আশঙ্কা করছেন সে দেশের পুলিশ প্রধান। সপ্তাহব্যাপী লাতিন আমেরিকা সফর বৃহস্পতিবার শুরু করেছেন প্রেসিডেন্ট বুশ। রোববার তিনি কলম্বিয়া যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 11:55 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কলম্বিয়ার পুলিশ প্রধান জেনারেল জর্জ দানিয়েল কাস্ত্রো বৃহস্পতিবার স্থানীয় রেডিওকে বলেন, “বামপন্থী গেরিলারা জর্জ বুশের সফরকালে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে আমরাও তৎপর রয়েছি। এ ধরনের যে কোনো তৎপরতা নস্যাৎ করে দেওয়া হবে।”

দানিয়েল কাস্ত্রোর ইঙ্গিতটা স্পষ্টতই রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়ার(এফএআরসি) দিকে। বামপন্থী এই গেরিলা গ্র“পটি দমনে সর্বশক্তি নিয়োগের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিব। সরকারের দমন অভিযানে শহরাঞ্চলে তৎপরতা কমলেও প্রত্যন্ত গ্রামগুলোয় এখনও সক্রিয় এফএআরসি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা রাজধানী। শুধু জর্জ বুশের নিরাপত্তার জন্যই থাকবেন ৭ হাজার পুলিশ। এছাড়া সফরকালে ১৪ হাজার পুলিশ বোগোতোর রাস্তায় রাস্তায় টহল দেবেন।

বুশের সফরের প্রতিবাদে বোগোতো বিশ্ববিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থী বৃহস্পতিবার মিছিল বের করার চেষ্টা চালালে পুলিশ লাটিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।