দলিত নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান
দলিত সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থার বর্ণবৈষম্য রোধ সংক্রান্ত একটি কমিটি এই আহ্বান জানায়।
কমিটির প্রতিবেদনে বলা হয়, ভারতে নিম্নবর্গীয় বা দলিত সম্প্রদায় অহরত নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ষণ, গ্রেফতার, হত্যা কোনো ধরনের নির্যাতন থেকেই রেহাই পাচ্ছে না তারা। আর নির্যাতন থেকে বাঁচতে পুলিশি সহায়তা তো পাচ্ছেই না, উল্টো রাষ্ট্রীয় প্রশাসনের নির্যাতনেও পিষ্ট হচ্ছে তারা।
উচ্চ বর্ণের লোকেদের দ্বারা দলিত নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া দলিত নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য ও ব্যাপক হারে পাচারে করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কমিটি জানায়, রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে দলিতদের। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে রাষ্ট্রের সুদৃষ্টি নেই।
বিশ্বের ১৩টি দেশে বর্ণবৈষম্য নিয়ে ১৮ জন বিশেষজ্ঞের কাজের ভিত্তিতে চূড়ান্ত হয় ওই প্রতিবেদন। ওই ১৩ দেশের মধ্যে ভারতও একটি। কমিটি দেশগুলোর জন্য বেশ কিছু সুপারিশমালাও প্রস্তাব করেছে।
