২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতায় রাশিয়া, চীন

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার খসড়া এখনও চূড়ান্ত করতে পারেনি বিশ্বশক্তিগুলো। শুক্রবারও এ নিয়ে বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের জাতিসংঘ দূতরা। কিন্তু ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন ও রাশিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গত ৩ মার্চ প্রথম বৈঠকে বসে বিশ্বশক্তিগুলো। শুক্রবারের বৈঠক নিয়ে চার দফা বৈঠক হয় তাদের। ৩ মার্চের বৈঠকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আসে যুক্তরাষ্ট্র থেকে। ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, রেভল্যুশনারি গার্ড কর্পোরেশন, রাষ্ট্রীয় ব্যাংক সিপাহ এর বিদেশের যাবতীয় সম্পদ ক্রোক করার কথা তাতে বলা হয়। এছাড়া ইরানকে নতুন করে কোনো ধরনের সাহায্য বা ঋণ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞার কথা বলা হয় তাতে।

কিন্তু এ সব নিয়েই আপত্তি রাশিয়া ও চীনের। শুক্রবারের বৈঠকে পর জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগা বলেন, “আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। কেননা, সরকারের অপরাধের দায় আমরা ইরানের সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিতে পারি না। আর শুধু পরমাণু সংক্রান্ত বিষয়ই নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত।”

খসড়াটি আগামী সপ্তাহ নাগাদ চূড়ান্ত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন চীনের দূত। তবে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরখিন আশাবাদী, নিরাপত্তা পরিষদে তোলার মতো খসড়া আগামী সপ্তাহ নাগাদ তৈরি হয়ে যাবে।

চীনের দূত আরও জানান, রেভল্যুশনারি গার্ড সংশ্লিষ্ট ব্যক্তি ও এর সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আপত্তি রয়েছে রাশিয়ার। তারা মনে করে, এটা সেদেশের জনগণের একটি প্রতিষ্ঠান। সুতরাং এ ধরনের একটি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া ঠিক হবে না।

ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও বিরোধী চীন ও রাশিয়া। এছাড়াও চীন চায়, ইরানের কাছে কোন কোন ধরনের অস্ত্র বিক্রি করা যাবে না বা দেশটি কোন কোন অস্ত্র বিক্রি করতে পারবে না, তা শ্রেণিবদ্ধ করা দরকার।

এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জটিল বলে মানছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও। তবে অস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দূত আলেসান্দ্রো উলফ বলেন, “অস্ত্র বিক্রির মাধ্যমে পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ায় দেশটিকে সুযোগ দেওয়ার কোনো যুক্তিই আসলে নেই।”