২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান

ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থার বর্ণবৈষম্য রোধ সংক্রান্ত একটি কমিটি এ আহ্বান জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কমিটির সুপারিশে বলা হয়, ইসরায়েলের উচিত সড়ক অবরোধসহ ফিলিস্তিনের ওপর অন্য যেসব নিষেধাজ্ঞা আছে তা শিথিল করা এবং সহিংসতা ও ঘৃণার উদ্রেক ঘটায় এমন বক্তব্য থেকে বিরত থাকা।

১৮ জন বিশেষজ্ঞ চার সপ্তাহ ধরে পর্যালোচনা করে বিশ্বের ১৩টি দেশের অভ্যন্তরে বর্ণবৈষম্যমূলক আচরণের একটি খতিয়ান তৈরি করে। 

পানি সম্পদের অসম বন্টন, বাড়িঘর ভেঙ্গে ফেলার ক্ষেত্রে শুধুই ফিলিস্তিনিদের টার্গেট করা এবং তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ইসরায়েল গুরুত্ব না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ কমিটি। পাশাপাশি বলা হয়, আইনি প্রক্রিয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। একই অপরাধের জন্য ফিলিস্তিনিরা তুলনামূলক বেশি সাজা ভোগ করে বলে কমিটির অনুসন্ধানে ধরা পড়ে।

কমিটি আরও জানায়, ইসরায়েলে বসবাসকারী আরবদের অভিযোগ তদন্তে পুলিশের শৈথিল্যও লক্ষণীয়।

জেরুজালেমের আল-আকসা মসজিদের খনন কাজ করার সময় মুসলমানদের কাছে পবিত্র মসজিদটির কোনো ক্ষতি যেন না হয় তার ওপর দৃষ্টি দেওয়ার জন্যও সুপারিশ করেছে জাতিসংঘ কমিটি।