ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার আগস্টের মধ্যেই শুরু চায় ডেমোক্রেটরা
২০০৮ সালের মাঝামাঝি থেকেই ইরাকে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার শুরু দেখতে চায় ডেমোক্রেটরা। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন ডেমোক্রেট নেতারা। তারা বলছেন, ইরাক পরিস্থিতি সামলাতে নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট বুশ। একই সঙ্গে তারা আফগানিস্তান পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্রেট দলীয় ন্যান্সি পেলোসি বলেন, “আমরা বলেছি, দেরি না করে আগস্ট থেকেই সেনাদের দেশে ফিরিয়ে আনা শুরু করতে হবে।”
প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা চান, ইরাক পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ যদি দেখা না যায়, তাহেলে সেনা প্রত্যাহার আরও আগেই শুরু করতে হবে। তারা মনে করেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই সব সেনাকে দেশে ফিরিয়ে আনার কাজ শেষ করা দরকার।
প্রতিনিধি পরিষদের মতোই ডেমোক্রেটরা এ নিয়ে তৎপরতা চালাচ্ছে সিনেটেও। সিনেটে ডেমোক্রেটদলীয় নেতা হ্যারি রিড চার মাসের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের একটি প্রস্তাব তুলতে যাচ্ছেন।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্টের ইরাক নীতি কোনো কাজ দিচ্ছে না। তাই ব্যর্থ এই নীতির বিষয়ে কংগ্রেসকে ভাবতে হবে। প্রশ্ন হল, আমরা কি এই নীতি ধরেই এগিয়ে যাব, না এতে পরিবর্তন আনব।”
এদিকে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়েছে, ডেমোক্রেটদের এই ধরনের যে কোনো পদক্ষেপে ভেটো দেবেন প্রেসিডেন্ট বুশ।
তবে প্রেসিডেন্টের ভেটোর আগেই প্রস্তাব পাসে শক্ত বাধা অতিক্রম করতে হবে ডেমোক্রেটদের। কংগ্রেসের উভয় কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, তা ন্যূনতম। সিনেটের ১০০টি আসনের মধ্যে তাদের রয়েছে ৫১টি। আর এ ধরনের বিতর্কিত বিষয় পাসে ন্যূনতম ৬০ ভোট নিশ্চিত করতে হয়।
বিষয়টি স্বীকার করেন হ্যারি রিডও। তিনিও জানেন, প্রেসিডেন্ট চ্যালেঞ্জ ছুড়তে হলে কয়েক জন রিপাবলিকানকেও দলে ভেড়াতে হবে।
