২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকারের সুযোগে ক্ষমতার অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই

সন্ত্রাসবাদ এবং নাশকতার তদন্তে সন্দেহভাজনদের টেলিফোনে আড়িপাতাসহ আর্থিক ও অন্য যে কোনো গোপন তথ্য পাওয়ার অধিকারকে কাজে লাগিয়ে ক্ষমতার ব্যাপক অপব্যবহার করছে গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মহাপরিদর্শক এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশের সময় শুক্রবার একথা বলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রতিবেদনে বলা হয়, আদালতের অনুমতি ছাড়াই টেলিফোন কোম্পানি, ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা, ব্যাংক এবং ক্রেডিটকার্ড প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্রাহকদের তথ্য দাবি করেছে এবং বেআইনিভাবে তা আদায় করেছে এফবিআই। গোয়েন্দা সংস্থাটির এসব অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ২৬টি নজির তুলে ধরা হয় বিচার বিভাগের মহাপরিদর্শকের অফিস থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে।

মহাপরিদর্শক জেনারেল গ্লেন ফাইন বলেছেন, “যেসব অনিয়ম ও বেআইনি কর্মকাণ্ডের নমুনা আমরা পেয়েছি তাতে ‘ন্যাশনাল সিকিউরিটি লেটার অথরিটির’ ক্ষমতার গুরুতর অপব্যবহার করা হয়েছে বলে আমরা মনে করি।”

কংগ্রেসে ডেমোক্রেট নেতারা এ প্রতিবেদনে উঠে আসা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর ‘ন্যাশনাল সিকিউরিটি লেটার্সের’ ক্ষমতাবলে কোনো বিচারক কিংবা গ্র্যান্ড জুরির অনুমতি ছাড়াই মানুষের ব্যক্তিগত তথ্যাবলী জানার সুযোগ দেওয়া হয় এফবিআইকে।

এদিকে এফবিআই’য়ের পরিচালক রবার্ট ম্যুলার এক সংবাদ সম্মেলনে বলেন,“ এ ধরনের অপারগতার দায়দায়িত্ব আমার ওপরই বর্তায় এবং তা শুধরে নিতে আমি প্রতিশ্র“তিবদ্ধ।”

এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল আলবার্তো গনজালেস বলেছেন, “এফবিআই এর নিয়ন্ত্রহীনতা, যথোপযুক্ত প্রশিক্ষণের অভাব এবং সঠিক নীতি মেনে কাজ করতে না পারার কথা জানতে পেরে তিনি বিচলিত বোধ করছেন।”