২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকে বিদায় জানাচ্ছেন জ্যাক শিরাক

রাজনীতিকে বিদায় জানাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক। প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় অংশ নিচ্ছেন না, রোববারই এ কথা ঘোষণা করছেন তিনি। আর এর মধ্য দিয়েই ফ্রান্সে যবনিকাপাত হতে চলেছে শিরাক অধ্যায়ের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 12:48 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে প্রতিদ্বন্দ্বিতায় আঁটঘাট বেধেই নেমেছেন তিন জন। তারা হলেন, রক্ষণশীল দলের নিকোলাস সার্কোই, বামপন্থী সেগোলিন রয়েল, আর মধ্যপন্থী ফ্রাঙ্কোইস বাইরো।

কিন্তু এ নির্বাচন থেকে সযতনে নিজেকে সরিয়ে রেখেছেন পরপর দুই বার বিজয়ী ৭৪ বছর বয়সী শিরাক। রোববার স্থানীয় সময় রাত ৮টায় টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। আর কর্মকর্তারা আগেই ইঙ্গিত দিয়েছেন, ভাষণেই শিরাক জানাবেন, তৃতীয় দফায় আর নির্বাচন করছেন না তিনি ।

কর্মকর্তারা আরও বলছেন, ওই ভাষণেই জ্যাক শিরাক তুলে ধরবেন তার সময়ের সাফল্যের কথা।

তবে সমালোচকরা বলছেন, নিজের শাসনকাল নিয়ে খুব বেশি সাফল্যগাথা তুলে ধরতে পারবেন না শিরাক। এ প্রসঙ্গে ফ্রান্সের বিষয়ে পণ্ডিত জার্মান বিশ্লেষক ড্যানিয়েলা শোয়ার্জারের মত, “সার্বিকভাবে তিনি ছিলেন একজন দুর্বল প্রেসিডেন্ট। অন্তত দ্বিতীয মেয়াদের ক্ষেত্রে এ কথা ভালোভাবেই প্রযোজ্য।”

শাসনকালে জ্যাক শিরাক যে সব গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন, তার মধ্যে রয়েছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ। এছাড়া ৯০ এর দশকে যুগোশ্লাভিয়ায় গৃহযুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাছাড়া ন্যাটোয় ফ্রান্সের অবস্থান শক্তিশালী হয় তার সময়েই।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন ইরাক অভিযানের বিরোধিতা তাকে জনপ্রিয় করে তোলে মধ্যপ্রাচ্যে। এক সময় ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা করলেও পরে তাতে সম্মতি দেন শিরাক।

যখন যা কিছু করেন, তার প্রতি দৃঢ় থাকাটাই শিরাকের চরিত্রের অন্যমত বৈশিষ্ট্য। ফলে এক সময় কোনো কিছুর শক্ত বিরোধিতা যেমন করতেন, পরবর্তী কালে নিজে অবস্থান পরিবর্তন করলে পরবর্তী অবস্থানের পক্ষেই দৃঢ় অবস্থান নিতেন তিনি।

ঘন ঘন মত পাল্টানোর জন্য জ্যাক শিরাককে অনেকে ‘চ্যামপিলিওন বোনাপার্ট’ বলেও ডাকত। অনেকে আবার বলতো ‘হুদিনি’। কেননা, জটিল পরিস্থিতি সামাল দেওয়ার অসম্ভব ভালো ক্ষমতা ছিল তার। তবে একরোখা চরিত্রের জন্য ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জর্জ পম্পিডু তাকে ডাকতেন ‘বুলডোজার’।

১৯৩২ সালের ২৯ নভেম্বর প্যারিসে জন্ম জ্যাক শিরাকের। বাবা ছিলেন একটি কোম্পানির পরিচালক।

১৯৬২ সালে শুরু হয় তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্ট পম্পেডুর সচিব হিসেবে। ১৯৭৪ সালে প্রেসিডেন্ট ভ্যালেরি গিসকার্ড তাকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। দুই বছর পর পদত্যাগ করেন শিরাক।

১৯৭৭ সাল থেকে টানা ১৮ বছর প্যারিসের মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যেই ১৯৮৬ সালে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৮৮ পর্যন্ত ছিলেন ওই পদে।

১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হয়ে নামেন লড়াইয়ে। ১৪ বছর পর বামপন্থীদের হাত থেকে প্রেসিডেন্টের পদটি তিনি এনে দেন রক্ষণশীলদের কাছে। ২০০২ সালে দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাক শিরাক।