আলোচনা ব্যর্থ, কসভোর স্বাধীনতার প্রস্তাব যাচ্ছে নিরাপত্তা পরিষদে
কসভোর স্বাধীনতার বিষয়টি শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদেই যাচ্ছে। সার্বিয়া ও আদিবাসী আলবেনিয়ানদের বছরকাল দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার এ কথা জানিয়েছেন জাতিসংঘ দূত মার্টি আহতিসারি।
আহতিসারি জানান, কসোভোর স্বাধীনতা সংক্রান্ত প্রস্তাব তিনি নিরাপত্তা পরিষদে পাঠাবেন। তার প্রস্তাবনার ভিত্তিতে তখন পরিষদই সিদ্ধান্ত নেবে। যদি তার প্রস্তাবনা মেনে নেওয়া হয়, তবে ইউরোপের বুকে নতুন রাষ্ট্র
হিসেবে অভ্যূদয় ঘটবে কসভোর।
ফিনল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি আহতিসারি বলেন, “আলোচনায় সমাধান এলে আমি খুবই খুশি হতাম। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানে তা সম্ভব হয়নি। এ ধারা চললে ফলপ্রসূ সমাধান আনবে না। আমি সন্দেহাতীতভাবে বলতে পারি, আলোচনা সফলের আন্তরিকতা তাদের মধ্যে নেই।”
যদিও আহতিসারির প্রস্তাবে স্পষ্টভাবে স্বাধীনতার কথা উল্লেখ নেই নেই, তবে গৃহিত পরিকল্পনা স্বাধীন রাষ্ট্রের একটি ভিত্তি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লক্ষাধিক সার্বীয় বংশোদ্ভূতদের স্বায়ত্তশাসনের প্রস্তাবও আছে এই পরিকল্পনায়।
এদিকে সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোইস্লাভ কস্তুনিকা জাতিসংঘের অধীনে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিকল্পনা জাতিসংঘের নীতির স্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেছেন, এই প্রস্তাব আসলে সার্বিয়া থেকে তার ঐতিহাসিক প্রাণকেন্দ্র কসোভোকে বিচ্ছিন্ন করারই হীন প্রচেষ্টা।
রাশিয়া জানিয়েছে, আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য আরও সময় দেওয়া হোক উভয় পক্ষকে।
রাশিয়া কি নিরাপত্তা পরিষদে কসোভোর স্বাধীনতার প্রস্তাবে ভেটো দেবে- এমন প্রশ্নে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টাদিচ জানিয়েছেন, “সেটা তাদের ব্যাপার। নিরাপত্তা পরিষদে তাদের অবস্থান কী হবে, সে সিদ্ধান্ত তারাই নেবে।”
কসোভোর আলবেনীয় বংশোদ্ভূতরা আহতিসারির পরিকল্পনা শীতলভাবেই গ্রহণ করেছেন। তাদের দাবি úূর্ণ স্বাধীনতা।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকেই জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কসোভো।
