২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস-ফাতাহ'র মক্কা চুক্তি পক্ষপাতমূলক : জাওয়াহিরি

হামাস-ফাতাহ’র মক্কা চুক্তিকে পক্ষপাতমূলক বলে অভিযুক্ত করেছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি। তার অভিযোগ, দেশটির হামাস সরকার মার্কিন স্বার্থকে বড় করে দেখছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 01:10 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

“হামাস তো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু সৌদি আরবের সঙ্গে বনভোজনে গিয়েছিল,” ইন্টারনেটে প্রকাশ করা এক অডিও ভাষণে মক্কা চুক্তি সম্পর্কে এ মন্তব্য করেন জাওয়াহিরি। অডিও টেপটি রোববার প্রকাশ করা হয় বলে জানা গেছে।

জাওয়াহিরি আরও বলেন, “তারা এই চুক্তির শর্তগুলোর প্রতি শ্রদ্ধাশীল একথা বলার মাধ্যমে হামাস আসলে মুসলমানদের মানসিকতা এবং অনুভূতিকে ছোট করে দেখছে।” জাওয়াহিরির  বিশ মিনিটের ওই অডিও ভাষণের কিছু অংশ রোববার সকালে আল জাজিরা টেলিভিশনে সম্প্রচার করা হয়।

মক্কা বৈঠকে অন্তর্দ্বন্দ্ব ও সংঘাত কবলিত ফিলিস্তিনে একটি জাতীয় ঐক্য সরকার গঠনে একমত হয় প্রতিপক্ষ দুই দল- হামাস এবং ফাতাহ।

“মক্কা চুক্তি করে হামাস আসলে ফিলিস্তিনকে ইসরায়েলের কাছে সপে দিয়েছে। চুক্তির সব কিছুই ইসরায়েলের অনুকূলে। সুতরাং এরপর একটি হাস্যষ্পদ সরকার গঠন করার পরিকল্পনা ছাড়া তাদের সামনে বিকল্প কোন পথ খোলা ছিলনা।”

মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান অসন্তোষ রোধে যুক্তরাষ্ট্রের একধরনের ভারসাম্য রক্ষার কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ধর্মযুদ্ধ’র নামে ইহুদিদের প্রচারণা ও হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের প্রতিরোধমূলক কর্মকান্ডকে হেয় করতেই আমেরিকা এই জঘন্য কৌশলের আশ্রয় নিয়েছে। কৌশল ও প্রতারণার আশ্রয় নিয়ে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের মন থেকে আমেরিকার প্রতি ঘৃণা মুছে ফেলতে চায় যুক্তরাষ্ট্র।”

এছাড়া, জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের খনন কাজে বাধা না দেওয়ার জন্য আরব বিশ্বের তীব্র সমালোচনা করতে ছাড়েননি মিশরীয় এই নেতা।

এদিকে, গাজায় হামাসের মুখপাত্র ফৌজি বারহুম জানান, “ফিলিস্তিন বিষয়ে সকলের মতামতকেই প্রাধান্য দেই আমরা। তবে আমরা এও আশা করি, আরব বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ফিলিস্তিন সরকার এবং তার জনগণকে সমর্থন দেবে।”