থাইল্যান্ডে জঙ্গি হামলায় ৩ শ্রমিক নিহত
থাইল্যান্ডে মুসলিম জঙ্গিদের হামলায় রোববার তিন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের একটি নির্মাণ কেন্দ্রে এ হামলা চালানো হয়। এ ঘটনায় হতাহতদের বেশীরভাগই অভিবাসী শ্রমিক বলে জানা গেছে।
থাইল্যান্ডের পাত্তানি প্রদেশের একটি নির্মাণ কেন্দ্রে রোববার রাতে জঙ্গি হামলার এ ঘটনা ঘটে বলে জানান সেনাবাহিনীর লেফটেন্যান্ট ক্রিয়েঙ্গসাক প্রাকোঙ্গসিল্প। এ হামলায় আরও পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে জানান তিনি।
নিহতদের মধ্যে মিয়ানমারের এক শ্রমিক ছাড়া নিহত অন্য দুই শ্রমিকের পরিচয় জানায়নি পুলিশ কিংবা সেনাসূত্র। মিয়ানমারের ওই নাগরিককে জবাই করে হত্যা করা হয়েছে বলেও জানান তারা।
তিনি বলেন, নির্মাণ কেন্দ্রটিতে থাইল্যান্ডের বৌদ্ধ শ্রমিকরা বাস করে মনে করে জঙ্গিরা এ হামলা চলিয়ে থাকতে পারে ।
ক্রিয়েঙ্গসাক জানান,“এক শ্রমিককে জবাই করে তারা দেওয়ালে লিখে রেখে গেছে ‘তোমরা নিরীহ মানুষকে হত্যা কর আর আমরা হত্যা করি থাইল্যান্ডের বৌদ্ধদের’।”
এছাড়া সোমবার ইয়ালা প্রদেশের একটি বাজারে বোমা বিস্ফোরিত হওয়ায় আট ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানায়।
২০০৪ সালের জানুয়ারি থেকে দক্ষিণাঞ্চলীয় ইয়ালা, পাত্তানি এবং নারাথিওয়াতে বর্ণগত সহিংসতা শুরু হয়। গত তিন বছরে এখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে প্রায় ২,০০০ ব্যক্তি মারা গেছেন।
এদিকে কয়েক সপ্তাহ আগে থাইল্যান্ডে সফরের ব্যাপারে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এ সহিংসতা বৃদ্ধির ফলে ব্যাংকক এবং পর্যটন শহর ফুকেট ও পাত্তায়াসহ দেশের যেকোন এলাকায় হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে সেনাবাহিনীর প্রধান সন্থি বুনিয়ারাতগ্লিন রোববার বলেন, নিরাপত্তা রক্ষীরা সতর্ক অবস্থায় আছেন আর তাই ব্যাংককের কোথাও কোন প্রকার হামলার আশঙ্কা করছেন না তিনি।
