২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি বরখাস্তের প্রতিবাদে পাকিস্তানে আইনজীবীদের আদালত বর্জন

প্রধান বিচারপতিকে বরখাস্তের প্রতিবাদে সোমবার আদালত বর্জন করেছেন পাকিস্তানের আইনজীবীরা। অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শুক্রবার বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করে সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রাজধানী ইসলামাবাদে আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ না নিয়ে রাস্তায় নেমে আসেন। এসময় তারা কালো পতাকা মিছিলও করেন। লাহোরে আইনজীবীদের মিছিলে পুলিশ বাধা দিলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়।

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার আলী বুখারি রয়টার্সকে বলেন, “আদালত বর্জনের মাধ্যমে আমরা আইনজীবীরা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে জানিয়ে দিয়েছি, আমরা তার সিদ্ধান্ত সমর্থন করি না।”

সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

প্রধান বিচারপতিকে বরখাস্তের ঘটনায় আইনজীবীসহ বিভিন্ন মহলে মুশাররফ বিরোধী মনোভাব আরও চাঙ্গা করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিচারপতি ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করেনি সরকার। সরকারের উদ্ধৃতি দিয়ে সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি শুক্রবার শুধু জানায়, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের বহু অভিযোগ রয়েছে বিচারপতি ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে। এ সব অভিযোগ তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে।

ধারণা করা হচ্ছে, সন্ত্রাসবিরোধী অভিযানের নামে গ্রেফতারকৃতদের হদিস সন্ধানে তৎপরতাই ইফতেখার চৌধুরীকে সরকারের বিরাগভাজন করে তোলে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগদানের পর থেকে গ্রেফতারকৃত প্রায় ৪ শ’ বন্দির কোনো খবর পাওয়া যাচ্ছে না। গ্রেফতারকৃতদের অবস্থা জানানোর জন্য বিচারপতি ইফতেখার সম্প্রতি সরকারকে নির্দেশ দিয়েছিলেন।