২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসির অপহৃত সাংবাদিক শিগগিরই মুক্তি পাবেন: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিবিসির অপহৃত সাংবাদিক শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছে হামাস সরকার। অজ্ঞাত সন্ত্রাসীরা সোমবার তাকে অপহরণ করে বলে পুলিশ সূত্র এর আগে জানিয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

হামাস সরকারের মুখপাত্র গাজী হামাদ জানান, ওই সাংবাদিককে কারা অপহরণ করেছিল তারা তা জানেন। তিনি বলেন, “সৃষ্টিকর্তার ইচ্ছায় এ বিষয়টির সমাধান হতে যাচ্ছে। তার অপহরণকারীদের সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে।”

তবে এ বিষয়ে হামাদ বিস্তারিত জানাননি। 

অপহৃত সাংবাদিকের নাম অ্যালান জনস্টোন। তিনি তিন বছর ধরে বিবিসির গাজা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ব্রিটিশ নাগরিক জনস্টোনকে তার গাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।

তবে বিবিসি এক বিবৃতিতে জানায়, জনস্টোনের অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ পরিস্থিতির সত্যতা যাচাই করতে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষ ও অন্যান্যের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখছে বলেও বিবিসি জানায়।

জনস্টোন সম্ভবত একমাত্র পশ্চিমা সাংবাদিক যিনি গাজায় পুরোদমে কাজ করছেন। গত বছর হামাস - ফাতাহ সংঘাত শুরুর পর অধিকাংশ পশ্চিমা সাংবাদিক গাজা ত্যাগ করেন।

এদিকে ফিলিস্তিন স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সায়েম এ ঘটনাকে ‘অপরাধমূলক তৎপরতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। ওই ঘটনার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় জরুরি অবস্থা ঘোষণা করেন। 

গত বছর বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক ও ত্রাণকর্মী গাজায় অপহৃত হয়েছিলেন। তবে অক্ষত অবস্থায় মুক্তি পান তারা।