২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে সৃষ্ট সঙ্কট নিরসনে আশাবাদী ইরান

আলোচনার মাধ্যমে বুশেহর পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণ নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে আশাবাদী ইরান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ প্রসঙ্গে ইরানি সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহাম মঙ্গলবার বলেছেন, “আমরা নিরাশবাদী নই। আমরা মনে করি, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব।”

তিনি বলেন, চুক্তি অনুযায়ীই এ প্রকল্পের কাজ শেষ করা হওয়াটা ভাল। সমঝোতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়া ইরানের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

রাশিয়ার পাওনা শোধ নিয়ে দেশ দুটির বিতর্কে নির্ধারিত সময়ে শক্তি কেন্দ্রটির নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। রাশিয়া সোমবার বুশেহর প্রকল্পের কাজ শেষ করতে অনির্ধারিত বিলম্বের কথা জানানোর পর ইরানি কর্মকর্তারা একথা বললেন।

বুশেহরের এক হাজার মেগাওয়াট পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকা রুশ কোম্পানিটি সোমবার জানায়, নির্ধারিত তারিখ অনুযায়ী সেপ্টেম্বর মাসে প্রকল্পটি শেষ না ও হতে পারে। এ বিলম্বের কারণ হিসেবে সময়মতো প্রাপ্য অর্থ না পাওয়াকেই দায়ি করেছে তারা।

কিন্তু রাশিয়ার পাওনা শোধ না করার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ইরানের কাছে অস্ত্র বিক্রি, বুশেহরে পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণে সহযোগিতা এবং দেশটির ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞাকে নমনীয় করতে চাপ প্রয়োগ করে পশ্চিমাদের কাছ থেকে ব্যাপক সমালোচিত হয়েছে রাশিয়া।

কিন্তু বুশেহরের পাওনা নিয়ে দেশ দুটির মধ্যে দিনদিন সম্পর্কের অবনতি হচ্ছে।