২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের কাছে ‘অতিরিক্ত অস্ত্র’ থাকার খবর তদন্ত করবে জাতিসংঘ

নেপালে মাওবাদী গেরিলাদের বহু অস্ত্র এখনও জমা দেওয়া হয়নি জাতিসংঘ তত্ত্বাবধায়কদের কাছে-- নেপালি প্রচারমাধ্যমের এমন খবর তদন্ত করে দেখবে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তারা মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 01:58 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গত নভেম্বরের শান্তি চুক্তি অনুযায়ী মাওবাদীরা জাতিসংঘের নির্ধারিত ক্যাম্পে তাদের ৩১ হাজার গেরিলার নাম তালিকাভুক্ত করে এবং সাড়ে তিন হাজার অস্ত্র নিবন্ধন করে একটি যৌথ টাস্কফোর্সের কাছে সেগুলো জমা দেয়। অস্ত্র জমা দেওয়ার পর সরকারে যোগ দেয় মাওবাদীরা।

কিন্তু নেপালি প্রচারমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাওবাদীদের কাছে এখনও হাজার হাজার অস্ত্র রয়ে গেছে এবং বহু গেরিলার নামও নিবন্ধন করা হয়নি। একটি খবরে বলা হয়, সোমবার এক জনসভায় মাওবাদী নেতা প্রচন্ড বলেছেন তার দলের হাজার হাজার গেরিলারা নিজেদের নাম নিবন্ধন করতে পারেননি এবং বহু অস্ত্রও জমা দেওয়া যায়নি। কারণ, তাদের কাছে থাকা অস্ত্রগুলো জাতিসংঘের তালিকাভুক্ত হওয়ার মতো ভারি অস্ত্র নয়।

তবে দলের নেতা প্রচন্ড একথা বলেছেন বলে মঙ্গলবার অস্বীকার করেছেন মাওবাদীদের এক মুখপাত্র। 

এদিকে জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন ,“সেনানিবাসের বাইরে মাওবাদী গেরিলাদের কোনো অস্ত্র থেকে থাকলে বা সেরকম কোনো তথ্য পাওয়া গেলে তার তদন্ত করা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, মাওবাদীদের কাছে নিবন্ধন ছাড়া কোনো অস্ত্র থাকলে, তাকে চুক্তির লঙ্ঘন এবং অবৈধ বলে গণ্য করা হবে।

দেশটিতে জুন মাসে অনুষ্ঠেয় নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ব্যক্তি ও গোষ্ঠীর কাছে থাকা সব ধরনের  অস্ত্র পুলিশের কাছে জমা দিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে জাতিসংঘ বিবৃতিতে।