ফিলিস্তিন প্রেসিডেন্টকে মন্ত্রীদের তালিকা দিয়েছেন হানিয়া
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে ঐকমত্যের সরকারের মন্ত্রীদের একটি তালিকা দিয়েছেন।
কয়েক সপ্তাহ আলোচনার পর প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহ মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের তালিকা নিয়ে একমত হয়েছে।
আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হানিয়া বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে ঐক্যমতের সরকারের জন্য মন্ত্রীদের একটি তালিকা দিয়েছি এবং তিনি তা গ্রহণ করেছেন।”
“পার্লামেন্ট তালিকাটি গ্রহণ করলে ওইদিনই সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে যাতে ঐকমত্যের সরকার দ্রুত কাজ শুরু করতে পারে।”
হানিয়া সাংবাদিকদের জানান, তালিকাটি আস্থা ভোটের জন্য শনিবার পার্লামেন্টে তোলা হবে।
