ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ তদন্ত করবে ইসরায়েল
পশ্চিম তীরের নাবলুসে সেনা অভিযানে বেসামরিক ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
ইসরায়েলের মানবাধিকার সংগঠন বিৎসেলেম অভিযোগ করে, দুই সপ্তাহে আগে নাবলুসে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা বেসামরিক ফিলিস্তিনিদের সঙ্গী হতে বাধ্য করে। গেরিলাদের বাড়িতে বাড়িতে অভিযানের সময় ঢাল হিসেবে ব্যবহার করা হয় ওই ফিলিস্তিনিদের।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অভিযোগটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছে সেনাবাহিনী।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলের সেনা মুখপাত্র।
সেনা অভিযানে বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করা ইসরায়েলের আইন পরিপন্থী।
এ ধরনের দুটি ঘটনার কথা উল্লেখ করে মানবাধিকার সংগঠন বিৎসেলেম। তারা জানায়, একটি ঘটনায় ১১ বছরের এক বালিকাকে গেরিলাদের বাড়ি চিনিয়ে দিতে বাধ্য করে ইসরায়েলি সেনারা। অপর ঘটনায় এক ফিলিস্তিনি তরুণকে অভিযানে সঙ্গী হতে বাধ্য করার দৃশ্য টেলিভিশনের ছবিতেও দেখা যায়।
মানবাধিকার সংগঠনটির নির্বাহী পরিচালক জেসিকা মন্টেল বলেন, “আমরা যে তথ্য উপস্থাপন করেছি তাতে স্পষ্টতই বোঝা যায়, সেনাসদস্যরা ইসরায়েলের আইন লঙ্ঘন করেছেন।”
নাবলুসে পাঁচদিনের সেনা অভিযানে সন্দেহভাজন আট ফিলিস্তিনি গেরিলাকে গ্রেপ্তার করে ইসরায়েল। ১ মার্চ শেষ হওয়া ওই অভিযানে এক বেসামরিক ফিলিস্তিনিও নিহত হন।
