সরকারি কর্মচারীও আর পাচ্ছেন না রাজা জ্ঞানেন্দ্র
নেপালে জ্ঞানেন্দ্র এখন নামেই রাজা। ক্ষমতা হারিয়েছেন আগেই। এখন রাজপ্রাসাদ থেকে কর্মচারীদেরও প্রত্যাহার করা হচ্ছে।
নেপালের স্থানীয় সরকার মন্ত্রী ধর্মনাথ প্রসাদ শাহ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, রাজা ও তার পরিবারের সদস্যদের প্রার্থনার জন ফুল সংগ্রহকারী, রানির কেশ পরিচর্যাকারী, প্রাসাদের আলোকচিত্রী, হিসাবরক্ষকসহ প্রায় ৭৭৪ জন কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। বাকিদেরও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, “যে সব কর্মচারীর বয়স ৫৮ বছরের বেশি হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হবে। বাকিদের বলা হবে সরকারের কাছে রিপোর্ট করতে।”
ধর্মনাথ আরও জানান, ২০০১ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জ্ঞানেন্দ্র যে সম্পদের মালিক হয়েছেন তাও জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার।
এছাড়া রাজাকে কর দিতেও বলা হয়েছে।
প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা গত সপ্তাহে বলেছিলেন, “রাজা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন।”
২০০৬ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের পর থেকেই রাজা জ্ঞানেন্দ্র প্রাসাদে কার্যত গৃহবন্দি রয়েছেন।
