২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দীগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ডাকা ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে কলকাতাসহ অন্যান্য শহর। নন্দীগ্রামে পুলিশের গুলিতে ১৪ জন নিহতের প্রতিবাদে শুক্রবার রাজ্য ব্যাপী ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 02:56 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ধর্মঘটের কারণে কলকাতা এবং এর আশপাশের শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলেনি। দোকানপাটও বন্ধ রয়েছে। রাস্তাগুলো প্রায় জনশূন্য। তবে সড়কে পুলিশি টহল রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু সরকারি বাস ও প্রাইভেট কার ছাড়া রাস্তায় গাড়িও চলছে না।

পুলিশ জানিয়েছে, ধর্মঘটের সমর্থনকারীরা কলকাতায় দুটি বাসে ও শিলিগুড়িতে রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষোভকারীদের একাংশ বৈদ্যুতিক ট্রেন চলাচল বন্ধে লাইনের ওপর অবস্থান নিয়েছে।

কলকাতার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নন্দীগ্রামে এলাকাবাসীর বিরোধিতা উপেক্ষা করে রাজ্য সরকার শিল্প স্থাপনে কৃষিজমি বরাদ্দ দেয়। শিল্প কারখানার কর্মকর্তারা বুধবার জমিতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ গুলি চালায়। এতে নিহত হন ১৪ গ্রামবাসী।

নন্দীগ্রামের ট্যাক্সিচালক গোপি মণ্ডল বলেন, “তারা নিজেদের সমাজতান্ত্রিক বলে দাবি করে, অথচ তারাই গরীব কৃষকদের ওপর গুলি চালিয়েছে।”

এ ঘটনার পরই কৃষকদের কাছে থেকে জমি নিয়ে স্বল্প করের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সিইজেডস) স্থাপনের ক্ষেত্রে ভারতের যে নীতিমালা রয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কমিউনিস্ট শাসকরা তাদের গ্রামীণ উন্নয়নের মনোভাব বাদ দিয়ে শিল্পায়নের দিকে মনোযোগ দিয়েছেন। সত্তরের দশকে এ শাসকরাই সবচেয়ে সফলভাবে জমি পুনর্গঠনের কাজ শুরু করেছিল এবং আশির দশকে লাখ লাখ কৃষক তার সুফল ভোগ করে।