সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে মর্টার হামলা, নিহত ৮
সোমালিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে মঙ্গলবার মর্টার হামলা চালিয়েছে মুসলিম বিদ্রোহীরা। এতে কমপক্ষে ৮ জন নিহত ও ৩৩ জন আহত হন।
প্রেসিডেন্ট আবদুল্লাহি ইউসুফ রাজধানী মোগাদিসুতে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ‘ভিলা সোমালিয়া’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলায় প্রেসিডেন্ট প্রাসাদের ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।
স্থানীয় মদিনা হাসপাতালের এক কর্মকর্তা বুধবার রয়টার্সকে বলেন, “আহত ১৪ ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে দুজন মারা যান।”
তবে ওই দুইজনসহ নিহতের সংখ্যা মোট আটজন বলে জানান অন্য কর্মকর্তা ও স্থানীয় অধিবাসীরা। হামলায় আরও ৩৩ জন আহত হন বলেও জানিয়েছেন তারা।
আবদুল্লাহি ইউসূফ ২০০৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেও নিরাপত্তাহীনতার কারণে রাজধানীতে থাকছিলেন না। তিনি থাকতেন অপেক্ষাকৃত নিরাপদ বাইয়োদা এলাকায়।
এরই মধ্যে বিদ্রোহী ইসলামী কোর্ট কাউন্সিল যোদ্ধারা গত বছরের মাঝামাঝিতে দখল করে নেয় মোগাদিসু। পরে ইথিওপীয় সেনাদের সহায়তায় মুসলিম বিদ্রোহীদের উৎখাত করে সরকারি বাহিনী। তবে বিদ্রোহীরা এখনও মোগাদিসুসহ বিভিন্ন এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি সোমালিয়ায় শান্তিরক্ষী মোতায়েন করে আফ্রিকান ইউনিয়ন। এরপরই কঠোর নিরাপত্তার মধ্যে মঙ্গলবার রাজধানীতে ফেরেন প্রেসিডেন্ট ইউসুফ।
