নতুন চুক্তি ছাড়াই ইসলামাবাদে শেষ হল পাকিস্তান - ভারত বৈঠক
বৈরী সম্পর্কের অবসানে তিন বছর আগে শুরু হওয়া শান্তি আলোচনার উচ্চ প্রশংসার মধ্য দিয়েই ইসলামাবাদে শেষ হল ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের বৈঠক। দুই দিনের বৈঠকের শেষ দিন বুধবারও আসেনি কোনো চুক্তির ঘোষণা।
প্রতিবেশী রাষ্ট্র দুটোর কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, ফলপ্রসূ বৈঠকই হয়েছে তাদের। এমনকি এ পর্যন্ত যতগুলো বৈঠক হয়েছে তার মধ্যে এই বৈঠককেই এগিয়ে রাখছেন তারা।
ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেননের মতে, এবারের আলোচনায় সমস্যাগুলোর গভীরে পৌঁছতে পেরেছেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ পর্যন্ত যতগুলো বৈঠক আমরা করেছি, তার মধ্যে এবারের বৈঠকেকেই সবচেয়ে সন্তোষজনক বলব আমি। আর চলমান সংলাপের মধ্য দিয়ে একটি ইতিবাচক উপসংহারে পৌঁছতে আমাদের আন্তরিকতাও প্রকাশ পেয়েছে।”
একই মত পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খানেরও। তিনি মনে করেন, ২০০৭ শান্তি প্রক্রিয়ায় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ বছর হিসেবে স্থান পেতে পারে ইতিহাসে। রিয়াজ খান বলেন, “সমস্যা সমাধানে এখন দুই পক্ষই অনেক আন্তরিক। অনেক বাধা অতিক্রম করেছি আমরা। আর এর মধ্য দিয়েই উঁকি দিচ্ছে সাফল্যের সম্ভাবনা।”
আলোচনায় কাশ্মিরসহ অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুগুলোও স্থান পায় বলে বৈঠক সূত্র জানায়। এর মধ্যে রয়েছে, ভিসা কড়াকড়ি শিথিল, বন্দি বিনিময়, পরিবহণ এবং সমুদ্রে মাছ ধরা নিয়ে সমস্যার বিষয়গুলো। কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ সিচুয়ান হিমবাহ নিয়ে উভয় দেশের সামরিক কর্তাব্যক্তিরা শিগগিরই বৈঠকে বসবেন।
বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ও পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির সঙ্গে সাক্ষাৎ করেন শিব শঙ্কর মেনন। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এ ব্যাপারে সন্তুষ্ট যে সমস্যা সমাধানে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বই সুপ্রতিবেশীসুলভ মনোভাব প্রদর্শন করছে।”
তবে জঙ্গি তৎপরতা শান্তি আলোচনায় বিঘœ সৃষ্টি করতে পারে- এমন সতর্কবাণীও উচ্চারণ করেন এক সময়ে পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী এই কূটনীতিবিদ।
এদিকে কর্মকর্তারা যতই আশার বাণী শোনান না কেন, বৈঠকের এমন পরিণতি নিয়ে আগে থেকেই ধারণা করছিলেন বিশ্লেষকরা।
বৈঠক শুরুর আগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সামশাদ আহমেদ খান রয়টার্সকে বলেছিলেন, “আফগানিস্তান থেকে জঙ্গিরা পশ্চিম সীমান্ত দিয়ে অনায়াসে প্রবেশ করছে- যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সাম্প্রতিক সময়ে বেশ চাপের মধ্যে রেখেছে পাকিস্তানকে। আর বিভিন্ন ইস্যুতে ভারতও ন্যূনতম ছাড় দিতে নারাজ। ফলে সত্যি কথা বলতে কি, বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারছি না আমি।”
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক এজাজ আমিরও বলেছিলেন, “আমার মনে হয় না তেমন কোনো সমঝোতা হবে।”
তার ব্যাখ্যা ছিল এ রকম, “পাকিস্তান এখন পশ্চিম সীমান্ত নিয়ে ব্যস্ত, এর মধ্যে বিচারপতি বরখাস্তের ঘটনা জটিলতা আরও বাড়িয়েছে। আমি সন্দিহান যখন পাকিস্তান নিজ সৃষ্ট সমস্যায় হাবুডুবু খাচ্ছে তখন ভারত শান্তি আলোচনায় খুব বেশি অগ্রসর হবে।”
একই রকম মত দিয়েছিলেন নয়াদিল্লির ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের অজয় সাহানী। বৈঠকের বিষয়ে তিনি বলেছিলেন, “এটা আসলে দাতা গোষ্ঠিকে দেখানোর জন্যই করা হচ্ছে। কারণ, উভয় দেশই আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।”
তবে সমঝোতা বা কোনো চুক্তি ঘোষণা না আসার সম্ভাবনাতেও হতাশ ছিলেন না অনেকে। তাদের একজন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ সুখ দেব মুনি বলেছিলেন, “আসলে বড় ধরনের ঘটনা ঘটবে ছোটো ছোটো সাফল্যের পর। তাই একটু ধৈর্য তো ধরতেই হবে।”
তার আশাবাদী উচ্চারণ ছিল, “এ ধরনের আলোচনা সব সময়ই আশাপ্রদ। অন্তত এটা উত্তেজনা দমিয়ে রাখে, মুখোমুখি সংঘাতের ঝুঁকি কমায় এবং উভয় পক্ষই গঠনমুলক প্রক্রিয়ায় যুক্ত রাখে।”
