২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ংইয়ঙের পরমাণু সংক্রান্ত মুখ্য আলোচকের সঙ্গে বৈঠক হয়নি এলবারাদির

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি বুধবার পিয়ংইয়ঙে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও দেশটির পরমাণু সংক্রান্ত মুখ্য আলোচক কিম কাই গোয়ানের সঙ্গে তার আলোচনা হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

চার বছর পর উত্তর কোরিয়া গেলেন এলবারাদি। আইএইএর মুখপাত্র মেলিসা ফ্লেমিং জানান, উত্তর কোরিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ও দেশটির আণবিক সংস্থার প্রধান রি জে সনের সঙ্গে এলবারাদির বৈঠক হয়েছে। বৈঠক হবে সে দেশের সংসদীয় কমিটির সহ সভাপতি কিম অং দাইয়ের সঙ্গেও।

তবে উত্তর কোরিয়ার মুখ্য পরমাণু আলোচক কিম কাই গোয়ানের সঙ্গে সম্ভবত এলবারাদির এবার কোনো বৈঠক হচ্ছে না বলে রয়টার্সকে জানিয়েছেন আইএইএ মুখপাত্র। মেলিসা ফ্লেমিং বলেন, “আমাদের বলা হয়েছে, ছয় জাতি আলোচনা নিয়ে কিম কাই গোয়ান খুব ব্যস্ত আছেন। ফলে বৈঠকের জন্য সময় দিতে পারছেন না তিনি।”

সোমবার বেইজিংয়ে শুরু হচ্ছে ছয় জাতি সংলাপের নতুন রাউন্ডের আলোচনা। আর তার প্রস্তুতি সভায় যোগ দিতে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল বলেন, “কিম কাই গোয়ানের ব্যস্ততার বিষয়টি আমাদের বুঝতে পারছি। আশা করছি, সামগ্রিক প্রেক্ষাপটে এর বিরূপ কোনো প্রভাব পড়বে না। আর এলবারাদির সঙ্গে বৈঠকেই বিস্তারিত জানতে পারব আমরা।”

আইএইএ প্রধানের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন বলে জানান ক্রিস্টোফার হিল।

গত ফেব্র“য়ারিতে বেইজিঙে ছয় দফা সংলাপে গৃহীত চুক্তির ফলে আপাত অবসান ঘটে উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কটের। ২০০২ সালে পরমাণু সঙ্কট নিয়ে সমঝোতা ভেঙ্গে গেলে দেশ থেকে আইএইএর সব পরিদর্শককে বহিষ্কার করে উত্তর কোরিয়া। এরপর পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয় দেশটি। বেইজিং চুক্তির ফলেই দেশটিতে নতুন করে কাজ শুরু করে আইএইএ।

চুক্তি অনুযায়ী এপ্রিলের মাঝামাঝির মধ্যে উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়নের পরমাণু স্থাপনায় কার্যক্রম বন্ধ করার কথা। আর এর বিনিময়ে জ্বালানি সাহায্য পাবে দেশটি।

কিন্তু দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন বুধবার সউলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ইয়ংবিয়নে কাজ বন্ধের কোনো নমুনা তারা দেখতে পাচ্ছেন না।

সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, ইয়ংবিয়নে কার্যক্রম বন্ধের কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। এরপর এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো কর্মকর্তা কোনো ধরনের বক্তব্য দেননি।

আর উত্তর কোরিয়া প্রতিশ্র“তি অনুযায়ী কাজ ঠিকভাবে করছে কিনা, তা আইএইএ পরিদর্শকদের প্রতিবেদন থেকেই জানা যাবে।