২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছে

ফিলিস্তিনের নবগঠিত ঐকমত্যের সরকার শনিবার দায়িত্ব ভার গ্রহণ করে দাপ্তরিক কাজ শুরু করেছে। ওইদিন সকালে পার্লামেন্টে অনুমোদন লাভের পরই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন মন্ত্রীদের শপথ করান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, “আজ একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এ ঘটনাটা ফিলিস্তিনের জনগণ এবং আরব জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বলেন, “দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধসহ যে কোনো ধরনের প্রতিবাদ করার আইনগত অধিকার রয়েছে ফিলিস্তিনি জনগণের।”

এদিকে প্রথম থেকেই এ সরকারের বিরোধিতা করে আসছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন বলেন, “আমরা এ সরকারের সঙ্গে কাজ করব না।”

তবে দেশটি জানিয়েছে, মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই।

হানিয়ার মন্তব্যে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যান্সি বেক বলেন, “ফিলিস্তিনি প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে ভাষণ দিয়েছেন তা হতাশাজনক এবং চতুর্পক্ষীয় উদ্যোগের নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো কিছুটা নমনীয়তা প্রদর্শন করছে। ফিলিস্তিনের নতুন পররাষ্ট্রমন্ত্রী জিয়াদ আবু আমরকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। আর যুক্তরাজ্য জানিয়েছে, হামাস দলের নয়, মন্ত্রিসভার এমন সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ সরকারকে সমর্থন করা। সমর্থন এসেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও।