‘রাজনীতি থেকে বিশ্বাস শব্দটি তুলে দিয়েছেন ব্লেয়ার’
যুক্তরাজ্যের রাজনীতি থেকে বিশ্বাস শব্দটি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তার কারণেই মানুষ এখন আর রাজনীতির ওপর আস্থা রাখতে পারছে না। এ অভিযোগ করেছেন সে দেশের একটি সরকারি পর্যবেক্ষক সংস্থার প্রধান।
রক্ষণশীল জন মেজর সরকার মানুষের জীবন মানের গতি প্রকৃতি পর্যবেক্ষণে গঠন করা হয় ‘কমিটি ফর স্ট্যান্ডার্ডস ইন পাবলিক লাইফ’। ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব এখন পালন করছেন অ্যালিস্টার গ্রাহাম। এপ্রিল মাসেই চেয়ারম্যানের পদ থেকে অবসর নিচ্ছেন গ্রাহাম। আর অবসরের আগ মুহূর্তেই রোববার সানডে টাইমস পত্রিকায় সাক্ষাৎকারে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রী ব্লেয়ারের উদ্দেশে।
অ্যালিস্টার গ্রাহাম বলেন, “১০ বছর আগে ক্ষমতা নেওয়ার সময় ‘খাঁটি থেকেও খাঁটি’ হওয়ার যে প্রতিশ্র“তি ব্লেয়ার দিয়েছিলেন, তা থেকে বহু দূরে এখন তার অবস্থান। তিনি আসলে নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন।”
তার মতে, রাজনীতির ওপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হওয়ার পেছনে ব্লেয়ার এবং তার সরকারের কর্মকাণ্ডই অনেক বেশি দায়ী, যেমনটা ছিল দুর্নীতির ক্ষেত্রে জন মেজর সরকারের।
প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মেয়াদও ফুরিয়ে এসেছে। তবে মেয়াদ শেষের ঠিক আগেই রাজনৈতিক দলের তহবিল কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত দুবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। যা তিনিসহ তারদল লেবার পার্টিকেও বেকায়দায় ফেলেছে।
