ফিলিস্তিনের নতুন সরকার নিয়ে বিব্রত যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের নতুন ঐক্য সরকার গঠন এবং ইসরায়েলকে প্রতিরোধ করা বিষয়ে এ সরকারের ঘোষণায় বিব্রতবোধ করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ন্যান্সি বেক বলেছেন, “ফিলিস্তিনের যে কোনো সরকারের উচিত সহিংসতা কমানো, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং শান্তি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা।”
এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন সরকারকে শপথ পাঠ করানোর আগে শনিবার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তার ভাষণে বলেন,“ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধসহ যে কোনো ধরণের প্রতিরোধ করার আইনগত অধিকার রয়েছে ফিলিস্তিনি জনগণের ।”
বেক বলেন,“প্রতিরোধ করা বিষয়ে জাতীয় ঐক্য সরকারের বক্তব্য বিব্রতকর এবং সহিংসতা কমাতে চতুর্পক্ষীয় উদ্যোগের নীতিমালার সঙ্গে বিরোধপূর্ণ।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের আইনসভায় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা হতাশাজনক এবং চতুর্পক্ষীয় উদ্যোগের নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নতুন সরকারের দৃষ্টিভঙ্গিও একইরকম অসামঞ্জস্যপূর্ণ।”
যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার চতুর্পক্ষীয় উদ্যোগের সদস্য।
আরব দেশগুলো নতুন ঐক্য সরকারকে স্বাগত জানিয়েছে এবং ফ্রান্সসহ ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই এ সরকারকে সহায়তা করার আশ্বাস দিয়েছে। কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণায় নতুন সরকারের বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
প্রসঙ্গত ফিলিস্তিনের পার্লামেন্ট শনিবার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং ইতোমধ্যেই দাপ্তরিক কাজকর্ম শুরু করেছে নতুন সরকার। ফিলিস্তিনিদের আশা হামাস ও ফাতাহর এ ঐক্য সরকার পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি করাতে সক্ষম হবে।
