ইরাকে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত সঠিকই ছিল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত ভুল নাকি সঠিক- তা নির্ণয়ের জন্য আরও সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস। তবে তিনি এখনও মনে করেন, ওই সিদ্ধান্ত সঠিকই ছিল।
ইরাক যুদ্ধের চার বছর পূর্তির আগে জাতিগত সংঘাত আর জঙ্গিদের আক্রমণ নির্মূল করতে ইরাকে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, রোববার সে সিদ্ধান্ত প্রসঙ্গে সিবিএস টেলিভিশনের ‘ফেস দি নেশন’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে গেটস এসব কথা বলেন।
মঙ্গলবার ইরাক যুদ্ধের চার বছর পূর্তি হচ্ছে। তার আগে ইরাকে সংঘাত আরও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাধিনায়কেরা বলছেন, ইরাকে বাড়তি সেনার পাঠানোর প্রভাব জুন নাগাদ সম্পূর্ণ বোঝা যাবে।
ইরাক যুদ্ধের চার বছর পূর্তির আগমুহূর্তে যুদ্ধবিরোধী বিক্ষোভে মুখর যুক্তরাষ্ট্র। এদিকে ইরাক যুদ্ধের বিরোধিতা এবং ইরাক থেকে শিগগিরই মার্কিন সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া প্রশ্নে ডেমোক্রেটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
ফেস দি নেশন অনুষ্ঠানে গেটস বলেন, “এত শিগগিরই কিছু বলা সম্ভব না, তবে আমার মতে এখন পর্যন্ত যা হয়েছে তাতে মনে হচ্ছে এটা ভালো একটা সিদ্ধান্ত ছিল।”
ইরাকি সেনারা মার্কিন সেনাদের সঙ্গে টহলে যাচ্ছে, আশেপাশের এলাকাগুলোতে সেনাভিযানে সহায়তা করছে এবং রাজনৈতিক কোনো প্রভাব থাকছে না সেনা অভিযানে- এসব দৃষ্টান্ত উল্লেখ করে গেটস বলেন, “আমি বলবো, ইরাকিরা আমাদেরকে দেওয়া প্রতিশ্র“তি পূরণ করার পথে অনেকটা অগ্রসর হয়েছে।”
বুশ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দিতে নারাজ। তবে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ট প্রতিনিধি পরিষদ জরুরি যুদ্ধকালীন বরাদ্দ অনুমোদনের সঙ্গে সঙ্গে ২০০৮ এর সেপ্টেম্বর নাগাদ ইরাক থেকে সেন্য প্রত্যাহার প্রশ্নে বিতর্ক শুরু করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি এবিসি টেলিভিশনের ‘দি উইক’ অনুষ্ঠানে বলেন, “প্রতিনিধি পরিষদে এই বিল অনুমোদিত হলে তাতে ভেটো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। এটা ডেমোক্রেটদের কাছেও পরিষ্কার, তাই আমাদের অনুরোধ দয়া করে সংঘাতের পথে যাবেন না।”
তিনি বুশ প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইরাক থেকে আগেভাগে সেনা প্রত্যাহার একটা ভুল সিদ্ধান্ত হবে, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ইরাকি সেনারা এখনও অর্জন করেনি। এখনই তাদের হাতে ইরাকের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে এই দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠন শক্তিশালী ভিত্তি বানিয়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারে।
এ প্রসঙ্গে সিআইএর সাবেক প্রধান গেটস বলেন, ইরাকে শক্ত ভিত্তি পেলে আল কায়েদা প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তাহীনতার বোধ ছড়িয়ে পড়বে এবং অবশেষে যুক্তরাষ্ট্রে হামলা চালাবে, এ বিষয়ে তারা সন্দেহের কোনো অবকাশ রাখেনি।
তবে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জিগনিউ ব্রেজিনস্কি একমত নন গেটসের সঙ্গে। তার মতে, ইরাকে আল কায়েদাকে আক্রমণ করলেই তারা যুক্তরাষ্ট্রে হামলা করা থেকে বিরত থাকবে- বুশ প্রশাসনের এমন যুক্তি ভুল।
ব্রেজিনস্কির মতে, বুশ প্রশাসনের এমন আচরণ সাম্রাজ্যবাদী আচরণ। টিভি চ্যানেল সিএনএনে তিনি বলেন, “এই প্রশাসন যা বুঝতে পারছে না এবং যেটা আসলে এই প্রশাসনের মর্মান্তিক ঐতিহাসিক ভুল তা হলো, আমরা সাম্রাজ্যবাদী কাল অতিক্রম করার পরে এই মুহূর্তে সাম্রাজ্যবাদী শক্তির মতো আচরণ করতে পারি না। উপনিবেশিকতার যুগ শেষ হয়ে যাওয়ার পর ঔপনিবেশিক শক্তির মতো আচরণ করতে পারি না আমরা।”
“সন্ত্রাস নির্মূলের একমাত্র পন্থা হলো, যেসব দেশে সন্ত্রাসী তৈরি হতে পারে বলে আশঙ্কা আছে সেসব দেশের নিরপেক্ষ, বিবেচক লোকজনকে সাহায্য ও সহযোগিতা করা। আমরা একাই সেটা করার চেষ্টা করলে তা আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে আমাদের।”
