উত্তর কোরিয়ার ব্যাংক একাউন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
ম্যাকাও ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার ২ কোটি ৫০ লাখ ডলারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ চীনের ‘ব্যাংক অব চায়না’র মাধ্যমে উত্তর কোরিয়ায় পাঠানো হবে। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে নতুন দফা ছয়জাতি বৈঠকের শুরুতে মার্কিন ট্রেজারি কর্মকর্তা ড্যানিয়েল গ্লেসার এ কথা জানান।
উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত ছয়জাতি বৈঠকে গ্লেসার বলেন, “বেইজিংয়ের ব্যাংক অব চায়নার ফরেন ট্রেড একাউন্টে এই অর্থ জমা হবে। উত্তর কোরিয়া এই অর্থ মানব কল্যাণে ব্যয় করবে বলে আমাদের নিশ্চিত করার পরই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি,”
এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়ায় গতি সঞ্চার হবে বলে আশ প্রকাশ করেছেন ছয়জাতি আলোচনার প্রতিনিধিরা। দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছয়জাতি উদ্যোগের সদস্য।
এর আগে ১৩ ফেব্র“য়ারি পরমাণু কর্মসূচি বন্ধে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়া ও ছয়জাতি উদ্যোগের দেশগুলো। কিন্তু চুক্তি অনুসারে পরমাণু কর্মসূচি স্থগিতের ক্ষেত্রে দেশটির ব্যাংক একাউন্ট জব্দ বিতর্ক সামনে চলে আসে বারবার। নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগে এ অর্থ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিতে থাকে উত্তর কোরিয়া।
ফেব্র“য়ারির আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়া ম্যাকাওয়ের ‘ব্যাঙ্কো ডেল্টা এশিয়া’ ব্যাংকে তাদের অর্থ জব্দের অভিযোগ আনলে একমাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। মর্কিনিরা অভিযোগ করে আসছিল অবৈধ বাণিজ্যের মাধ্যমে উত্তর কোরিয়া এই বিপুল অর্থের মালিক হয়েছে। তবে, ফেব্র“য়ারির ওই সমঝোতা চুক্তির পরই সুর কিছুটা নরম করে যুক্তরাষ্ট্র।
