২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয় দ্বীপ মানামে ভূমিধসে নিহত ৪

পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে আগ্নেয় দ্বীপ মানামের উত্তরাঞ্চলে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিধসে চার ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 02:41 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আগ্নেয়গিরির ছাই ও কাদাযুক্ত উপত্যকা থেকে অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে বলে সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী স্যার পিটার বার্টার এক বিবৃতিতে বলেছেন, “এ উপত্যকাগুলো খুবই ভয়াবহ এবং কোনো ব্যক্তি যাতে এসব উপত্যকায় না যায় সেজন্য আমি তাদের অনুরোধ জানাচ্ছি। কারণ, উপত্যকাগুলোর উচুঁ অংশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট প্রচুর পরিমাণ ছাই ও কাদা জমে আছে।”

বিবৃতিতে বার্টার আরও বলেন, “এর আগের অভিজ্ঞতায় দেখা গেছে হঠাৎ করে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে স্তুপ করে রাখা এ উপাদানগুলোই চলাফেরা করার ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।”

এর আগে ২০০৪ সালের অক্টোবর মাসে মানাম দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই জমে বেশ কিছু ঘরবাড়ি ও শস্যক্ষেত নষ্ট হয় এবং পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় এ এলাকা থেকে প্রায় নয় হাজার ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সারা বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির ৭৫ শতাংশেরও বেশি পাপুয়া নিউ গিনিতে রয়েছে। আর মানাম দ্বীপ বিশ্বের যেসব এলাকার আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে তার মধ্যে অন্যতম। ১৬১৬ সালে এখানে প্রথমবারের মত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে এবং এখন পর্যন্ত কমপক্ষে ৩০ বার এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে।