বলিভিয়ার আগাম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মোরালেস
বলিভিয়ার ২০০৮ সালে অনুষ্ঠিতব্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইভো মোরালেস। সোমবার এ ঘোষণা দেন তিনি।
গত সপ্তাহে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আকস্মিক ঘোষণা দেন বামপন্থী ওই নেতা। এতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিরোধী দলগুলোর মধ্যে। আগাম নির্বাচনের মাধ্যমে মোরালেস তার ক্ষমতা বাড়াতে চাইছেন- এমন অভিযোগ তোলে ডানপন্থী বিরোধী দলগুলোর নেতারা। তবে মোরালেসের ওই ঘোষণা তাদের ভুল ভাঙাবে বলে মনে করছেন অনেকে।
মোরালেস মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন।
“কেউই সাধারণত এ পর্যায়ে এসে আগাম নির্বাচনের কথা ভাবেন না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, যে পরিবর্তনের প্রত্যয় নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলাম, সে পরিবর্তন আনতে পেরেছি আমি,” বলিভিয়ার পূর্বাঞ্চলীয় শহর সুক্রেতে সাংবাদিকদের বলেন মোরালেস।
আদিবাসীদের অধিকার অন্তর্ভুক্তির পর সংশোধিত সংবিধান এ বছরের আগস্টে অনুমোদনের জন্য পার্লামেন্টে তোলা হবে। নিয়ম অনুসারে নতুন সংবিধানের আওতায় আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০০৬ সালের জানুয়ারিতে বলিভিয়ার প্রথম আদিবাসী নেতা হিসেবে মোরালেস প্রেসিডেন্ট নির্বাচিত হন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো এবং সংবিধান সংশোধনের মাধ্যমে দেশটির আদিবাসী ইন্ডিয়ান জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের অঙ্গীকার করেন তিনি।
